• শ্রমিক বোঝাই পিকআপ ভ্যান-গাড়ির মুখোমুখি সংঘর্ষ! মধ্যপ্রদেশে মৃত ১২, শোকপ্রকাশ মোদির
    প্রতিদিন | ৩০ এপ্রিল ২০২৬
  • বুধবার রাতে ভয়াবহ দুর্ঘটনা মধ্যপ্রদেশে। পিকআপ ভ্যান ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ। মৃত ১২ শ্রমিক, আহত ২০ জন। ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। আর্থিক সাহায্য ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকারও।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের ধর জেলার বাগ্গাদ এলাকায় পিকআপ ভ্যানে বাড়ি ফিরছিলেন ৩৫ জন শ্রমিক। রাত আনুমানিক ৯ টার পরে দ্রুত গতিতে ছুটে চলা পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটোদিক থেকে আসা একটি এসইউভিতে ধাক্কা মারে। মুখোমুখি সংঘর্ষে উলটে গাড়িটি। অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন শ্রমিকরা। রক্ত ভেসে যায় এলাকা। বিকট শব্দ শুনে আসেন স্থানীয়রা।

    পুলিশে খবর দিয়ে প্রাথমিক উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রাই। দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ১২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ২০ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ধর জেলার কালেক্টর অভিষেক চৌধুরী জানিয়েছেন, দুর্ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁরা সেখানেই চিকিৎসাধীন।

    ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে, আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবও ঘটনায় শোকপ্রকাশ করেছেন। রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারকে ৪ লক্ষ ও গুরুতর আহতদের ১ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)