• ভোটের রাতে তপ্ত শান্তিপুর! দুষ্কৃতীদের কোপে রক্তাক্ত অবস্থায় রাস্তায় উদ্ধার দুই যুবক
    প্রতিদিন | ৩০ এপ্রিল ২০২৬
  • ভোট মিটতে না মিটতেই রক্তাক্ত নদিয়ার শান্তিপুর। রাস্তা দুই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করল স্থানীয়রা। পুরসভার ১৭ ওর্য়াডের তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। দু’যুবক হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত দুই যুবকের নাম বিনয় কর ও রঞ্জন নন্দী। বিনয়ের বাড়ি হরিপুর পঞ্চায়েতের মেলের মাঠে এলাকায়। রঞ্জন শান্তিপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, ভোটের পর বুধবার সন্ধ্যার পর একটি মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক তাঁদের পথ আটকায়। কিছু বুঝে ওঠার আগেই বিনয় ও রঞ্জনের উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়। একাধিক জায়গায় আঘাত লেগেছে। রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান তাঁরা। পালিয়ে যায় দুষ্কৃতীরা। চিৎকার শুনে আসেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন ১৭ নম্বর ওর্য়াডের তৃণমূল কাউন্সিলর দীপঙ্কর সাহাকে। কাউন্সিলর জানান, ঘটনাস্থলে গিয়ে দেখেন রক্তে ভেসে যাচ্ছেন বিনয়। কিছুটা দূরেই রঞ্জনকেও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। দ্রুত তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হাসপতালে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

    কেন এই হামলা তা নিয়ে ধোঁয়াশা। আহত বিনয় কর জানিয়েছেন, “থানায় হাজিরা দিতে যাই। সেখানেই সন্ধ্যা পর্যন্ত থাকতে হয়। তারপর আমরা ১৭ নাম্বার ওয়ার্ড এলাকা দিয়ে ফিরছিলাম। চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। বৃষ্টি শুরু হয়। সেই সময় একদল দুষ্কৃতী এসে হামলা চালায়।” কারা হামলা চালিয়েছিল তা বলতে পারেননি তিনি। তবে সবুজ নামের এক যুবককে চিনতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি। তবে কী কারণে তাঁদের উপর হামলা, তা স্পষ্ট করে বলতে পারেননি তাঁরাও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হামলার পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে নাকি, ব্যক্তিগত শত্রুতা তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)