• গণনার আগেই জোড়া মামলা কলকাতা হাই কোর্টে, জরুরি ভিত্তিতে আজই শুনানি
    প্রতিদিন | ৩০ এপ্রিল ২০২৬
  • দু’দফায় মোটের উপর শান্তিপূর্ণভাবেই মিটেছে নির্বাচন (West Bengal Assembly Election)। ইভিএম বন্দি শাসক-বিরোধী প্রার্থীদের ভাগ্য। আগামী সোমবার, ৪ মে ভোট গণনা। তার আগেই গণনাকে কেন্দ্র করে জোড়া মামলা দায়ের কলকাতা হাই কোর্টে। নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। আজ, বৃহস্পতিবারই দুপুর ২টোর পর জোড়া মামলার শুনানি হতে পারে বিচারপতি কৃষ্ণা রাও’র এজলাসে।

    গণনা কেন্দ্রে সুপারভাইজার হিসাবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই নিয়োগ করেছে নির্বাচন কমিশন। আর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই এদিন কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আইনজীবীর বক্তব্য, কমিশন এহেন সিদ্ধান্ত নিতে পারে না। এক্ষেত্রে একাধিক যুক্তি ধরে আদালতের হস্তক্ষেপ দাবি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এ দিন দ্বিতীয় মামলাটি দায়ের করেছেন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। তাঁর দাবি, হঠাৎ করেই কমিশন গণনা কেন্দ্রের স্থান বদল করছে। দুপুর ২টোর পরেই বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে এই মামলার শুনানি হবে। মামলার গতিপ্রকৃতি কোনদিকে গড়ায় এখন সেদিকেই নজর সবার।

    বলে রাখা প্রয়োজন, গত ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট হয়। বুধবার, ২৯ এপ্রিল ছিল দ্বিতীয়দফার নির্বাচন (West Bengal Assembly Election)। সবার নজর এখন ভোট গণনার দিকে। তবে গতবারের তুলনায় এবার ভোট গণনা কেন্দ্রের সংখ্যা কমিয়েছে কমিশন। ২৯৪টি আসনের জন্য ৮৭টি কেন্দ্রে ভোট গণনা হবে। গত বিধানসভা নির্বাচনের সময় গণনা কেন্দ্রের সংখ্যা ছিল ১০৮টি। এবার তা একধাক্কায় অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে শাসকদল তৃণমূল। এবার মামলা গড়াল হাই কোর্টে। 
  • Link to this news (প্রতিদিন)