• বিষাক্ত গ্যাস লিক করে অসুস্থ দমকলকর্মী সহ কমপক্ষে ২৪
    বর্তমান | ৩০ এপ্রিল ২০২৬
  • মুম্বই, ৩০ এপ্রিল: বুধবার গভীর রাত। মর্মান্তিক দুর্ঘটনা পুনের কন্ধোয়া এলাকায়। পরিত্যক্ত জল শোধনাগার থেকে ক্লোরিন গ্যাস লিক হয়ে অসুস্থ কমপক্ষে ২৪ জন। অসুস্থদের মধ্যে রয়েছেন দু'জন দমকলকর্মীও। 

    রাত তখন প্রায় ১টা। কন্ধোয়ার গঙ্গাধাম এলাকার একটি পরিত্যক্ত জল শোধনাগারের গুদামে রাখা একটি পুরনো ট্যাঙ্ক থেকে হঠাৎ ক্লোরিন গ্যাস লিক করতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই সেই গ্যাস আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সময় গড়াতেই শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন অনেকেই। খবর দেওয়া হয় স্থানীয় দমকল বাহিনীকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। তত্পরতার সঙ্গে এলাকাবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। ততক্ষণে অন্তত ২২ জন স্থানীয় বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। উদ্ধারকাজ চলাকালীন দুই দমকলকর্মীও বিষাক্ত গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন। তাঁদেরও দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

    দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, 'গ্যাস লিকের ফলে বহু মানুষের শ্বাসকষ্ট হচ্ছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। যে ট্যাঙ্ক থেকে গ্যাস বেরোচ্ছিল, সেটি মেরামত করা হয়েছে।' প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে অসুস্থ সকলের অবস্থায় স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

    উদ্ধারকারীকরা প্রাথমিকভাবে অনুমান করছেন, সংশ্লিষ্ট জল শোধনাগারটি বহুদিন আগেই বন্ধ হয়ে যায় এবং মূল ইউনিট সরিয়ে নেওয়া হয়েছিল। তবে কোনো কারণে একটি পুরনো ট্যাঙ্ক গুদামে থেকে যায়। সেই ট্যাঙ্ক থেকেই ক্লোরিন গ্যাস লিক হয়ে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।
  • Link to this news (বর্তমান)