• ৯০ বছরের বৃদ্ধার বিচারের জন্য আরও ২০ বছর অপেক্ষা করার নির্দেশ হাইকোর্টের
    বর্তমান | ৩০ এপ্রিল ২০২৬
  • মুম্বই, ২০ এপ্রিল: মুম্বই হাইকোর্টের এক বেনজির নির্দেশ। ৯০ বছরের এক বৃদ্ধাকে মানহানির মামলার শুনানির জন্য আরও ২০ বছর অপেক্ষা করার নির্দেশ দিল হাইকোর্ট। ২০৪৬ সালের আগে এই মামলার ফাইল আর খোলা হবেনা এমনটাই সাফ জানিয়ে দিল বিচারপতিরা। বিচারপতি জিতেন্দ্র জৈনের বেঞ্চ গত মঙ্গলবার জানান, মামলাটি মূলত ‘ইগোর লড়াই’, যা আদালতের মূল্যবান সময় নষ্ট করছে। 

    ঘটনার সূত্রপাত ২০১৫ সালে। মুম্বইয়ের একটি আবাসনে বার্ষিক সভায় ঘটে যাওয়া কিছু ঘটনাকে কেন্দ্র করে তারিনিবেন ও ধ্বনি দেশাই মানহানির মামলা দায়ের করেন। তাঁদের অভিযোগ, সেই বার্ষিক সভায় তাঁদের মানসিকভাবে হেনস্থা করা হয়। তাঁরা অভিযুক্তদের থেকে  ক্ষতিপূরণ হিসেবে ২০ কোটি টাকা দাবিও করে। পর পর এই মামলার শুনানি চলতে থাকে। পেরিয়ে যায় দীর্ঘ কয়েক বছর। এখনও এই মামলার কোনও নিষ্পত্তি হয়নি। গত মঙ্গলবার এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি জিতেন্দ্র জৈন কড়া ভাষায় মন্তব্য করেন, 'জীবনের শেষ প্রান্তে এসে এই ধরনের জেদ বিচার ব্যবস্থাকে অচল করে দিতে পারে। এর ফলে যাঁদের সত্যিই দ্রুত বিচার প্রয়োজন, তাঁরা বঞ্চিত হন'। আদালত আগে সমগ্র বিষয়টি সমঝোতার মাধ্যমে মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিল। এমনকি একটি সাধারণ ক্ষমা প্রার্থনার মাধ্যমে বিরোধ মেটানোর প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু বৃদ্ধা তাঁর নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। তাঁর দাবি যতদিন না তিনি বিচার পাবেন ততদিন তিনি এই মামলা চালিয়ে যাবেন। 

    এর পরেই বিচারপতি সিদ্ধান্ত নেন, 'আবেদনকারী যতই প্রবীণ নাগরিক হোক না কেন এই মামলাকে বাড়তি গুরুত্ব দেওয়ার কোনও দরকারই নেই, আগামী ২০ বছর এই মামলাটি তালিকাভুক্ত করার কোনো প্রয়োজনই নেই।' 

    গত বছরের মার্চ মাসে অন্য এক বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল পরবর্তী নির্ধারিত দিনে আবেদনকারীর আইনজীবী হাজির না হলে মামলাটি খারিজ করে দেওয়া হবে। এর আগেও, ২০১৯ সালে আদালত সাক্ষীদের তালিকা ও প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার জন্য সময় দিয়েছিল। কিন্তু সেই নির্দেশনা কার্যকর না হওয়ায় মামলাটি নিষ্পত্তি না হয়ে বরং আরও দীর্ঘ  হয়ে যায়।
  • Link to this news (বর্তমান)