সংবাদদাতা, ময়নাগুড়ি: জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে বুধবার রাতে ঘটে গেল এক গুরুতর সড়ক দুর্ঘটনা। ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় একসঙ্গে তিনটি গাড়ির সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার ট্রাফিক পয়েন্ট।
জানা গিয়েছে, বুধবার রাতে একটি ট্রাক ধূপগুড়ির দিক থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। অপর পাশ থেকে আসছিল একটি যাত্রীবাহী ছোট চারচাকা গাড়ি। ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় আরো একটি যাত্রীবাহী ছোট গাড়ি আসছিল। জলপাইগুড়ির দিক থেকে আসা ছোট গাড়িটি হঠাৎ করেই চ্যাংড়া বান্ধা যাওয়ার রাস্তায় টার্ন নেওয়ার সময় ট্রাকের সঙ্গে ওই গাড়িটির ধাক্কা লাগে। সেই ছোট গাড়িটি আরো একটি ছোট গাড়িকে গিয়ে সজোরে ধাক্কা মেরে সোজা ট্রাফিক পয়েন্টে গিয়ে ধাক্কা মারে।
স্থানীয়রা খবর দেয় স্থানীয় পুলিশকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সকলকেই জলপাইগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত তিনটি গাড়িকেই আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে।