পরীক্ষা বাতিল! মিড-ডে মিল খেয়ে বাড়ি চলে যাওয়ার নির্দেশ প্রধান শিক্ষকের, ক্ষোভ অভিভাবকদের
বর্তমান | ৩০ এপ্রিল ২০২৬
সংবাদদাতা, ময়নাগুড়ি: স্কুলে পরীক্ষার দিন। ঘড়িতে তখন প্রায় দুপুর পৌনে একটা। ঠিক এই সময়ে বিদ্যালয়ে এলেন প্রধান শিক্ষক। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম পঞ্চায়েতের পুটিমারি জেএম বিএফপি স্কুলে। অভিযোগ, পরীক্ষার দিনে একেই প্রধান শিক্ষক দেরি করে আসেন তারপরে এসেই তিনি জানান পরীক্ষা বাতিল। সেই সঙ্গেই তিনি ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল খেয়ে বাড়িও চলে যেতে বলেন।
কার্যত, এই ঘটনায় রীতিমত ক্ষোভ উগড়ে দেন অভিভাবকরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় বিদ্যালয়ে। ঘেরাও করা হয় প্রধান শিক্ষককে। শুরু হয় বাকবিতণ্ডা। ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিভাবকেরা। তাঁদের দাবি, ‘পরীক্ষার দিনে এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে গাফিলতি শিক্ষকের। ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত নিয়ে এক প্রকার খেলা করছেন তিনি’। স্কুলের প্রধান শিক্ষকের এহেন ঘটনায় এই স্কুল থেকে তাঁকে অন্যত্র স্থানান্তরের দাবি তুলেছেন অভিভাবকদের একাংশ।