জঙ্গিদের নিশানায় পাঞ্জাব? পাটিয়ালায় রেললাইনে বিস্ফোরণের পরে এ বার পাঞ্জাবের তরণতারণ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে পাঞ্জাব পুলিশ। অনুমান, বড়সড় জঙ্গি হামলা চালানোর পরিকল্পনাতেই আনা হয়েছিল এই বিস্ফোরক।
জানা গিয়েছে, পাঞ্জাব পুলিশ তরণতারণ জেলায় একটি অভিযান চালিয়ে উদ্ধার করেছে বিপুল পরিমাণ—রকেট প্রোপেলড গ্রেনেড (RPG), RDX, হ্যান্ড গ্রেনেড, ডিটোনেটর ও আগ্নেয়াস্ত্র। তদন্তে অনুমান, এই চক্রান্তের পেছনে ছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর মদতপুষ্ট একটি খালিস্তানি জঙ্গি নেটওয়ার্ক। পুলিশ সূত্রে দাবি, এই জঙ্গি মডিউলটি রাজ্যে বড়সড় হামলার পরিকল্পনা করছিল। রেললাইন-সহ রাজ্যের গুরুত্বপূর্ণ পরিকাঠামোকে নিশানা করার ছক কষা হয়েছিল।
পাতিয়ালার কাছে রেললাইনে বিস্ফোরণের তদন্তের সূত্র ধরে এই অভিযান চালায় পাঞ্জাব পুলিশ। সোমবার রাত ১০টা নাগাদ IED বিস্ফোরণের চেষ্টা করা হয়। কিন্তু পুলিশি তৎপরতায় তা ব্যর্থ হয়। মঙ্গলবার এই বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তারের পরই গোটা চক্রের হদিশ মেলে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য মেলে তার ভিত্তিতে তরণতারনের একটি গ্রাম থেকে এই বিপুল অস্ত্রভাণ্ডার উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ছিল RPG, কয়েক কেজি RDX, গ্রেনেড, টাইমার ডিভাইস এবং পিস্তলসহ বিপুল গুলি—যা থেকে স্পষ্ট, বড় ধরনের কোনও নাশকতার প্রস্তুতি নিচ্ছিল জঙ্গিরা।
পুলিশের মতে, এই জঙ্গি চক্রের আন্তর্জাতিক যোগসূত্র রয়েছে এবং বিদেশে থাকা কিছু হ্যান্ডলারদের নির্দেশেই এরা কাজ করছিল। ইতিমধ্যে একাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গোটা নেটওয়ার্কের সঙ্গে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই অভিযানে বড়সড় হামলা নস্যাৎ হয়েছে বলে মনে করছে নিরাপত্তা সংস্থাগুলি। পাঞ্জাবে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং গোটা ঘটনায় এখনও চলছে তদন্ত।