মধ্যপ্রদেশের জবলপুরে ৩১ জন যাত্রী নিয়ে ডুবে গেল একটি টুরিস্ট ক্রুজ়। সংবাদ সংস্থা ANI-এর দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে, জবলপুর জেলা সংলগ্ন বরগী বাঁধের (Bargi Dam) জলাধারে। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও অনেকেই নিখোঁজ। তাই আরও মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।
প্রাথমিক তদন্তের পরে অনুমান করা হচ্ছে ওভারলোডিং অর্থাৎ, ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী তোলাতেই ভারসাম্য হারিয়ে ডুবে যায় ক্রুজ়টি। সংবাদসংস্থা ANI-কে জবলপুরের জেলাশাসক রাঘবেন্দ্র সিং জানিয়েছেন, ক্রুজ়টিতে মোট ৩১ জন যাত্রী সওয়ার ছিলেন।
বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ যৌথ ভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। নিখোঁজদের সন্ধানে ডুবুরি ও বিশেষ উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
জেলাশাসক আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে অন্তত ১২ জন যাত্রীর কোনও খোঁজ নেই। তাঁদের সন্ধানে বরগী ড্যামের বিশাল জলাধারে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের শারীরিক অবস্থার উপরে কড়া নজর রাখছেন চিকিৎসকরা। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে স্থানীয় প্রশাসন।