• দলীয় কর্মীকে মারধর থেকে পার্টি অফিস ভাঙচুর, ভোট মিটতে না মিটতেই হিংসার ঘটনা একাধিক জেলায়
    এই সময় | ০১ মে ২০২৬
  • রাজ্যে ভোট মেটার পরে ২৪ ঘণ্টাও অতিবাহিত হয়নি। এর মধ্যেই ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছে একাধিক জেলায়। রাজ্যে এখনও রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভোট মিটে গেলেও রাজ্যে আরও ৬০ দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পরেও ভোট মিটতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা।

    বুধবার রাতে নদিয়ার শান্তিপুরের ১৭ নম্বর ওয়ার্ডের একটি মাঠে বসে থাকার সময় দুই যুবকের উপরে অতর্কিত হামলা চালায় কিছু দুষ্কৃতী। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তাঁরা। পরে তাঁদের আর্ত চিৎকারে স্থানীয় মানুষজন ছুটে আসেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি, রাজনৈতিক কারণেই ওই দুই যুবকের উপরে আক্রমণ করা হয়।

    তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটল হলদিয়া বিধানসভার চিরঞ্জীবপুর এলাকায়। তৃণমূলের দাবি, বুধবার রাত ১২টা নাগাদ বৃষ্টির মাঝে কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতী তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা চালায়। কার্যালয়ের কাচের জানালা-সহ অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন হলদিয়া বিধানসভার বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী। তিনি বলেন, ‘নিজেদের গন্ডগোল এখন বিজেপিকে জড়াতে চাইছে। এই ঘটনায় বিজেপির কেউ জড়িত নয়।’

    ভোট পরবর্তী হিংসার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল হাওড়ার একাধিক জায়গায়। বৃহস্পতিবার ডোমজুরের রাজীব কলোনি এলাকায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ, ওই এলাকার বাসিন্দা বিজেপি কর্মী শেখ নাজিমুদ্দিনকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে। জানা গিয়েছে, বাইকে করে এসে দুষ্কৃতীরা হামলা চালায়। ঘটনায় গুরুতর আহত হন শেখ নাজিমুদ্দিন। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।

    গত ২৩ এপ্রিল প্রথম দফার ভোটে বহরমপুর বিধানসভায় কংগ্রেসকে ভোট দেওয়ার অভিযোগে এক কংগ্রেস কর্মীর বাড়িতে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। এমনকী বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ।

    উত্তর ২৪ পরগনা জেলার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কুন্ডুবাড়ি মোড় এলাকায় বিজেপির নির্বাচনী কার্যালয় অফিস করা হয়েছিল অস্থায়ী ভাবে। সেই অফিসে ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অর্জুন সিং।

  • Link to this news (এই সময়)