ভোটের পরে গণনার আগেই উত্তাল রাজ্য রাজনীতি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের স্ট্রংরুমের সামনে বসে রয়েছেন শশী পাঁজা, কুণাল ঘোষ। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেই সেখানে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের স্ট্রংরুমে ইভিএম রাখা হয়েছে। তৃণমূলের অভিযোগ, এ দিন বিকেল তিনটে পর্যন্ত স্ট্রংরুমের সামনে দলের কর্মী-সমর্থকেরা ছিলেন। পরে তাঁদের সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ওই খবর পাওয়া মাত্র নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে পৌঁছে যান রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং তৃণমূলের এক প্রার্থী। লাইভ স্ট্রিমিংয়ে দেখা গিয়েছে স্ট্রং রুমের ভিতরে কাজ হচ্ছে, অভিযোগ তৃণমূল নেতৃত্বের।
সূত্রের খবর, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের স্ট্রংরুমের সামনে পৌঁছচ্ছেন মমতা। এ দিনই মমতা বার্তা দিয়েছিলেন, স্ট্রংরুম থেকে গণনাকেন্দ্রে ইভিএম নিয়ে যাওয়ার সময়ে কারচুপি হতে পারে। তিনি নিজেই স্ট্রংরুম পাহারা দেবেন বলে জানিয়েছিলেন।
বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে, তৃণমূল। X পোস্টে তাদের অভিযোগ, নির্বাচন কমিশনকে ব্যবহার করে স্ট্রং রুমের ভিতরে ব্যালট বক্স খুলছে বিজেপি। অন্য কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিদের না রেখেই এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ। বিজেপির বিরুদ্ধে গোটা নির্বাচন প্রক্রিয়ায় গরমিল করার অভিযোগ তোলা হয়েছে।
তৃণমূলের অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে আতঙ্ক দেখিয়েও কাজ না হওয়ায়, এখন ইভিএমে কারচুপির রাস্তায় হেঁটেছে বিজেপি। বিজেপিকে এই কাজ কোনও ভাবেই করতে দেওয়া হবে না বলে তোপ দেগেছে তৃণমূল।