• স্ট্রংরুমের সামনে মুখোমুখি তৃণমূল-বিজেপি, তুলকালাম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে
    এই সময় | ০১ মে ২০২৬
  • স্ট্রংরুমে নিরাপত্তা নিয়ে ধুন্ধুমার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনের এলাকা। স্ট্রংরুমের ভিতরে ব্যালট খোলা হয়েছে বলে অভিযোগ তুলে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এবং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে চলে আসেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, তৃণমূলের একাধিক প্রার্থী। বিষয়টি নিয়ে পোস্ট করে তৃণমূল। তারপরেই তৃণমূলের কর্মীরা জড়ো হতে থাকেন সেখানে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে উত্তর কলকাতার সাতটা বিধানসভার স্ট্রংরুম রয়েছে। সেখানে ইভিএম রয়েছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ওই ইভিএম সুরক্ষিত নয়। নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি ইভিএম কারচুপি করছে বলে অভিযোগ করেছে তৃণমূল। স্ট্রংরুমে বহিরাগতরা ঢুকেছে বলে ভিডিয়ো পোস্ট করে অভিযোগ করেছে তৃণমূল।

    কিছুক্ষণ পরেই ওই এলাকায় চলে আসেন বিজেপি প্রার্থী তাপস রায় এবং সন্তোষ পাঠক। তাঁদের সঙ্গে ছিলেন বিজেপি কর্মীরা। তখনই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তাপস রায়কে ঘিরে জয় বাংলা স্লোগান তুলতে দেখা যায় তৃণমূল কর্মীদের। পাল্টা জয় শ্রীরাম স্লোগান তোলেন বিজেপি কর্মীরা।

    তৃণমূল ও বিজেপি মুখোমুখি হতেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি মোকাবিলায় নামে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা, ছিল পুলিশও। পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায় তাপস রায়কে। বিজেপির তরফে দাবি, তৃণমূল উত্তেজনা তৈরি করেছে। তৃণমূলের জমায়েত থাকলে, বিজেপিও জমায়েত করবে বলে দাবি করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বরের স্ট্রংরুমের সামনে যাচ্ছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায় বলেন, ‘কেন ধর্নায় বসেছিলেন, কেন তুলে নিলেন আমি জানি না। আমি ধর্নায় বসেছে শুনেই এসেছিলাম। এ ভাবে স্ট্রংরুমের বাইরে জমায়েত করা যায় না।’

    আপাতত স্ট্রংরুমের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে।

  • Link to this news (এই সময়)