• নেতাজি ইন্ডোরের পথে তৃণমূল সুপ্রিমো
    আজকাল | ০১ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ফের স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। উত্তর কলকাতার বিধানসভা কেন্দ্রগুলোর গণনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ইন্ডোরই এখন স্ট্রং রুম। জমা রয়েছে ইভিএম। কিন্তু, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের নজরদারি নিয়ে অভিযোগ করলেন তৃণমূলের দুই প্রার্থী কুণাল ঘোষ ও শশী পাঁজা। তাঁদের অভিযোগ, সিল করা স্ট্রংরুমের ভেতরে নিয়ম বহির্ভূতভাবে বাইরের লোক প্রবেশ করছে, এতে মদত রয়েছে কমিশনের। নেতাজির ইন্ডোরের সামনে ধর্নায় বসেছেন এই দুই প্রার্থী। এক্স প্ল্যাটফর্মে একটি ভিডিও শেয়ার করে বিষয়টিকে 'উদ্বেগজনক, দিনের আলোয় গণতন্ত্রে হত্যা' বলেছে তৃণমূল। এরপরই বড় সিদ্ধান্ত নেন মমতা ব্যানার্জি। বৃষ্টির মধ্যেই তিনি প্রথমে যান ভবানীপুর বিধানসভার স্ট্রং রুম শাখওয়াত মেমোরিয়াল স্কুলে। সেখান থেকে তৃণমূল নেত্রীর যাওয়ার কথা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। 

    কী অভিযোগ তৃণমূলের?

    'এক্স'-এ তৃণমূল কংগ্রেসের তরফে লেখা হয়েছে, 'বাংলার গণতন্ত্র কি আজ বিপন্ন? নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে অত্যন্ত উদ্বেগজনক খবর আসছে। অভিযোগ উঠছে, সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অনুপস্থিতিতেই ব্যালট বক্স খোলার বেআইনি চেষ্টা চালাচ্ছে বিজেপি এবং নির্বাচন কমিশনের একাংশ। মানুষের রায় কি তবে অন্ধকারে বদলে দেওয়ার ষড়যন্ত্র চলছে?'

    তাতে আরও লেখা হয়েছে, 'এই অন্যায়ের প্রতিবাদে এবং জনগণের ভোট পাহারা দিতে স্টেডিয়ামের বাইরে ধরনায় বসেছেন ডঃ শশী পাঁজা এবং শ্রী কুণাল ঘোষ। পরিস্থিতি মোকাবিলায় এবং গণতন্ত্রকে রক্ষা করতে সরাসরি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পথে রওনা দিয়েছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের পবিত্র রায়কে নিয়ে কোনো ছিনিমিনি বরদাস্ত করা হবে না। প্রতিটি ভোট পাহারা দেওয়া হবে শেষ রক্তবিন্দু পর্যন্ত। নির্বাচন কমিশন আর বিজেপির এই অশুভ আঁতাত আমরা ভেস্তে দেবই! সজাগ থাকুন, সতর্ক থাকুন। গণতন্ত্র লুঠ হতে দেবেন না!'



    Tweet by @AITCofficial

  • Link to this news (আজকাল)