বজ্রাঘাতে ফের প্রাণহানি, চন্দ্রকোনায় প্রাণ গেল ২ জনের
প্রতিদিন | ০১ মে ২০২৬
বজ্রাঘাতে ফের প্রাণহানি। বৃহস্পতিবার মৃত্যু হল দু’জনের। জখম হয়েছেন আরও চারজন। আহতদের মধ্যে মহিলাও রয়েছেন। বৃহস্পতিবার এই মর্মান্তিক ঘটনার সাক্ষী পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ৩ নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকা।
নিহতেরা হলেন শাহাবুদ্দিন মণ্ডল ও লিটন মণ্ডল। তাঁরা দু’জনেই মহেশপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে পাঁচজন মিলে একটি গাছ কাটছিলেন। সেই দলেই ছিলেন বছর ষাটের শাহাবুদ্দিন এবং আটত্রিশ বছর বয়সি লিটনও ছিলেন। আচমকা বাজ পড়ে। জখম হন পাঁচজনই। তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানান দু’জনের মৃত্যু হয়েছে। বাকিরা জখম। ভর্তি রয়েছেন হাসপাতালে। এদিকে, ওই এলাকারই আরেক মহিলা মাঠের কাজ সেরে ফেরার পথে বজ্রাঘাতে জখম হন। তিনিও ভর্তি হাসপাতালে। আহতদের দেখতে হাসপাতালে যান চন্দ্রকোনার তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলুই।
এদিকে, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তা উত্তরপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ ও অসমে গিয়েছে। তার জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গে প্রবেশ করছে। তাতেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গে। সন্ধ্যায় কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হচ্ছে। ভিজেছে পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি দার্জিলিং, কালিম্পং-সহ ৫ জেলায় বৃষ্টি চলছে। মৎস্যজীবীদের আগামী ৩ মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।