ডায়মন্ড হারবারের ৪টি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করেছেন রিটার্নিং অফিসার ও অবজ়ার্ভার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন—এমনটাই জানালেন স্পেশাল রোল অবজ়ার্ভার সুব্রত গুপ্ত। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে তিনি জানান, ফলতা ও মগরাহাট পশ্চিম বিধানসভার স্ক্রুটিনি এখনও সম্পূর্ণ হয়নি এবং সেই প্রক্রিয়া বৃহস্পতিবার রাতেও চলবে।
তিনি আরও বলেন, ‘বিভিন্ন অভিযোগ জমা পড়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সমস্ত ফুটেজ পর্যবেক্ষণ শেষ হওয়ার পরে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে শুক্রবার সকালের মধ্যে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে।’ পাশাপাশি ফলতা, মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারের কিছু এলাকায় সমস্যা চিহ্নিত হয়েছে বলেও জানান তিনি, যা যাচাই করে বিস্তারিত রিপোর্ট কমিশনে পাঠানো হবে।
নির্বাচন কমিশনের প্রাথমিক পর্যবেক্ষণে জানানো হয়েছিল, ফলতা, মগরাহাট পূর্ব–সহ কয়েকটি বিধানসভা কেন্দ্রে অন্তত ৭৭টি আসনে ইভিএম বিকৃত করার চেষ্টার অভিযোগ উঠেছে। এর মধ্যে ফলতার ৩২টি বুথে, মগরাহাটের ১৩, ডায়মন্ড হারবারের ২৯, বজবজের ৩টি বুথ রয়েছে। ইভিএমে টেপ আটকে রাখা, ইভিএমের নির্দিষ্ট বোতামে আতর লাগানো, স্পাই ক্যামেরা নিয়ে বুথে ঢোকার অভিযোগ উঠেছিল। ফলে রিপোল হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছিল। ফলতা নিয়ে সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে। সেই বিধানসভার রিপোর্ট এখনও যায়নি নির্বাচন কমিশনে।