চুঁচুড়ায় মদের পেটি নিয়ে পালানোর চেষ্টা দুই যুবকের
আজকাল | ০১ মে ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: পেটি ভর্তি বাংলা মদ নিয়ে পালানোর চেষ্টা, বাধা দেওয়ায় মদের দোকানের কর্মিকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার। পাল্টা দুই যুবককে উত্তম মধ্যম দিয়ে শিক্ষা দিল জনতা।
অভিযোগ, চুঁচুড়া কাপাসডাঙা জিটি রোডের পাশের একটি মদের দোকানে আজ দুপুরে গাড়ি থেকে মদ নামানো হচ্ছিল। সেই সময়ে একটি টোটো করে দুই যুবক আসে। আচমকা ওই দু'জনে মদের পেটি নিয়ে টোটোয় তুলে পালানোর চেষ্টা করে। দোকানের এক কর্মচারী বাধা দিলে তাঁকে ফেলে মারতে থাকে দুই অভিযুক্ত।
ঘটনা দেখে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা চলে আসেন। অভিযুক্ত দুই যুবককে ধরে বেধরক মারধোর করা হয়। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ আসে। দুই যুবককে আটক করে নিয়ে যায়। জানা গিয়েছে তারা কাপাসডাঙা কোয়ার্টারে থাকে।
বুধবার ভোটের কারণে মদের দোকান বন্ধ ছিল। আজ দোকান খুলেছে। তারপরই এই ঘটনা ঘটল।