• দুর্গাপুরে স্ট্রং রুম পাহারা তৃণমূলের, ভরসা অনুব্রতর সেই 'গুড়-বাতাসা'
    আজ তক | ০১ মে ২০২৬
  • ভোট মিটেছে, কিন্তু স্বস্তি নেই। এখন দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের স্ট্রং রুমে বন্দি প্রার্থীদের ভাগ্য। আর সেই ভাগ্য যাতে একচুলও  না বিচ্যুত হয়, তা নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল। দুর্গাপুর কলেজের স্ট্রং রুমের ঠিক ২০০ মিটার দূরে রীতিমতো অস্থায়ী ক্যাম্প তৈরি করে দিনরাত কড়া পাহারায় বসেছেন জোড়াফুল শিবিরের শ’খানেক কর্মী-সমর্থক। গণনা শেষ না হওয়া পর্যন্ত এলাকা ছাড়তে নারাজ তাঁরা।

    গুড়-বাতাসা বিতরণ
    বৈশাখের প্রখর দহন আর রাজনৈতিক উত্তাপ, দুইয়ের মোকাবিলায় এক অভিনব দাওয়াই বের করেছে শাসক দল। পাহারায় থাকা ক্লান্ত কর্মীদের চাঙ্গা রাখতে ক্যাম্পে মজুত করা হয়েছে প্রচুর পরিমাণে গুড় ও বাতাসা। তৃণমূল নেতাদের দাবি, এই প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে এবং তাৎক্ষণিক শক্তির জোগান দিতেই এই সাবেকি জলযোগের ব্যবস্থা।

    কড়া পাহারা
    দুর্গাপুর ব্লক নম্বর ২-এর যুব সভাপতি অজয় দেবনাথের নেতৃত্বে এই অভিনব নজরদারি চলছে। তাঁর কথায়, “কর্মীদের সুবিধার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা। স্ট্রং রুমের নিরাপত্তায় আমরা কোনো ফাঁক রাখতে চাই না।” শুধু নজরদারি নয়, অজয়বাবু আকারে-ইঙ্গিতে এও বুঝিয়ে দিয়েছেন যে, ফলপ্রকাশের পর কর্মীদের জন্য আরও বড়সড় ‘স্পেশাল’ আয়োজনের প্রস্তুতি এখন থেকেই সেরে রাখা হচ্ছে।

    অন্যদিকে, তৃণমূলের এই সক্রিয়তা নিয়ে এলাকায় রাজনৈতিক পারদ চড়ছে। স্ট্রং রুমের বাইরে শাসক দলের এমন ভিড় ঘিরে পরিস্থিতি যথেষ্ট সংবেদনশীল। যদিও প্রশাসন সূত্রে খবর, গণনা পর্যন্ত কড়া নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে পুরো পরিস্থিতির ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে। আপাতত গুড়-বাতাসা মুখে দিয়েই ইভিএম পাহারা দিচ্ছেন ঘাসফুলের কর্মীরা।
     

     
  • Link to this news (আজ তক)