• 'EVM-এ কারচুপি হয়নি, কোনও গন্ডগোল বরদাস্ত করা হবে না', TMC-র অভিযোগ খারিজ কমিশনের
    আজ তক | ০১ মে ২০২৬
  • বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোটগণনার আগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইভিএমে কারচুপির অভিযোগ এনেছিল তৃণমূল। তা খারিজ করে দিল নির্বাচন কমিশন। তাদের সাফ বার্তা, কোনও গন্ডগোল বরদাস্ত করা হবে না। কোথাও কোনও কারচুপি করা হয়নি। 

    তৃণমূল নেতা কুণাল ঘোষ ও শশী পাঁজা অভিযোগ করেছিলেন, স্ট্রং রুমের ভিতরে কী কাজ হচ্ছে সে বিষয়ে স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। তাঁদের দাবি, নির্দিষ্ট সময়ে স্ট্রং রুম খোলা হবে বলে জানানো হলেও সেই সময় দলীয় প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেননি। পরে সিসিটিভি ফুটেজে ভিতরে কিছু দৃশ্য দেখা যায়, যা নিয়ে সন্দেহ আরও বাড়ে। 

    এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে ধর্নায় বসেন কুণাল ঘোষ ও শশী পাঁজা। তাঁদের অভিযোগ, স্ট্রং রুমের মতো সংবেদনশীল জায়গায় কোনও কার্যকলাপ হলে সব রাজনৈতিক দলকে জানানো বাধ্যতামূলক, কিন্তু সেই নিয়ম মানা হয়নি। 

    অন্যদিকে, নির্বাচন কমিশন (EC) সমস্ত অভিযোগ খারিজ করে জানায় যে স্ট্রং রুমে কোনও বেআইনি কাজ হয়নি এবং ইভিএম সম্পূর্ণ নিরাপদ। কমিশনের দাবি, ভিডিওতে যে কার্যকলাপ দেখা গেছে তা আসলে পোস্টাল ব্যালট সংক্রান্ত প্রক্রিয়া, ইভিএম নিয়ে কোনও কারচুপি হয়নি। 

    এই বিষয়ে সাংবাদিক বৈঠকও করে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনি আধিকারিক জানান, যে অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন। কোনও অভিযোগ সত্যি নয়। কেন এমন অভিযোগ আনা হচ্ছে জানা নেই। শশী পাঁজা ও কুণাল ঘোষকে সব দেখানো হয়েছে। কোনও গন্ডগোল বরদাস্ত করা হবে না। কেউ বা কারা সিন ক্রিয়েট করার চেষ্টা করছে। 

    এর আগে স্ট্রং রুমের বাইরে তৃণমূল ও বিজেপি নেতাদের মধ্যে বচসা বাঁধে। উভয় পক্ষের সমর্থকরা জড়ো হওয়ায় উত্তেজনা বাড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।
     
  • Link to this news (আজ তক)