শুরুটা হয়েছিল ভোটের সন্ধ্যা থেকে। বুধের পর বৃহস্পতিবারও কালবৈশাখীর দাপট দেখল কলকাতা এবং শহরতলী। রাত সাড়ে ৮টার পর থেকে ঝেঁপে বৃষ্টি নামে কলকাতায়। বৃষ্টি হয় দক্ষিণবঙ্গের অন্যত্রও। উত্তরবঙ্গও কয়েকঘণ্টা ধরে টানা বর্ষণের সাক্ষী হয়েছে। এর জেরে তাপমাত্রাও নেমেছে কিছুটা। এইরকম আবহাওয়া আর কতদিন থাকবে?
কতদিন চলবে বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৬ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেই ৭ মে পর্যন্ত বৃষ্টি হতে পারে। ৪ মে পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে।
নামল তাপমাত্রা
বৃষ্টির কারণে কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবার স্বাভাবিকের থেকে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে। বৃহস্পতিবার শহরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার কেমন থাকবে আবহাওয়া?
শুক্রবারও শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের ৭ জেলায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় হবে। তার মধ্যে রয়েছে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়া। ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়।
এদিকে, বৃষ্টির জেরে শহরের একাধিক এলাকায় জল জমে যায়। অফিস ফেরত মানুষ বৃষ্টির জেরে দুর্ভোগের শিকার হন। ভোটের জেরে গাড়ি কম থাকায় বাস-অটো পেতে নাকাল হতে হয়েছে যাত্রীদের। দীর্ঘক্ষণ বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়েও গাড়ি না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নিত্যযাত্রীরা।