মধ্যপ্রদেশে পিকআপ ভ্যান- গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ১৫ জনের
বর্তমান | ০১ মে ২০২৬
ধার (মধ্যপ্রদেশ): পিকআপ ভ্যান ও এসইউভির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ১৫ জন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ধার জেলায়। জানা গিয়েছে, ৪৬ জন শ্রমিককে নিয়ে ইন্দোর-আমেদাবাদ জাতীয় সড়ক ধরে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। চিকলিয়া ক্রসিংয়ের কাছে আচমকাই উলটোদিক থেকে তীব্র গতিতে এসে তাতে ধাক্কা মারে একটি এসইউভি। গাড়ির ধাক্কায় উলটে যায় ভ্যানটি। ইন্দোরের ডিভিশনাল কমিশনার সুদাম পি খাড়ে জানিয়েছেন, ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়েছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও তিনজন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদি। পাশাপাশি, মোহন যাদবও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
বুধবার রাতে রাজস্থানেও মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েছে একটি গাড়ি। বৈষ্ণোদেবী থেকে ফেরার পথে আলওয়ারে চলন্ত গাড়িতে আগুন লেগে প্রাণ হারিয়েছেন এক কিশোরী সহ মোট পাঁচজন। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের উপর মৌজপুর এলাকায় ঘটেছে দুর্ঘটনাটি। পুলিশ জানিয়েছে, ১৫ মিনিটের চেষ্টায় আগুন আয়ত্তে আনা হলেও ততক্ষণে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।