ইন্দোর: স্বামী হত্যায় অভিযুক্ত সোনম রঘুবংশীকে বাড়িতে থাকতে দেওয়া হবে না। হানিমুন মার্ডার মামলায় সম্প্রতি মেঘালয়ের আদালত থেকে জামিন পেয়েছে সোনম। তারপরই একথা জানাল অভিযুক্তের পরিবার।
গত ২৩ মে মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে খুন হন ব্যবসায়ী রাজা রঘুবংশী। ৯ জুন সোনমকে উত্তরপ্রদেশের গাজিপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর থেকেই জেলবন্দি ছিল সে। সোনমের দাদা গোবিন্দ রঘুবংশী জানিয়েছেন, বোনের পক্ষে লড়ার জন্য কোনো আইনজীবীও নিয়োগ করেনি পরিবার। যদিও সোনমের মুক্তির সময় সেখানে দেখা গিয়েছিল তার বাবা দেবী সিংকে। গোবিন্দ বলেন, ‘সোনমের ভবিষ্যৎ তার ভাগ্যই নির্ধারণ করবে। আমার পরিবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই বাড়িতে তার ঠাঁই হবে না।’