• প্রতিশ্রুতি মিললেও এনজেপি স্টেশনের পার্কিং জোন নিয়ে হয়রানি কমেনি, ক্ষোভ
    বর্তমান | ০১ মে ২০২৬
  • সংবাদদাতা, শিলিগুড়ি: প্রতিশ্রুতি মিললেও এখনও পর্যন্ত নিউ জলপাইগুড়ি রেলস্টেশনের পার্কিং জোন থেকে প্ল্যাটফর্মে পৌঁছনোর হয়রানির অবসান হয়নি। কথা ছিল, গত মার্চ মাসের মধ্যেই এই সমস্যার সমাধান হবে। কিন্তু মার্চ পেরিয়ে বর্ষা শুরু হওয়ায় যাত্রীদের দুর্ভোগ আরও বাড়তে চলেছে। পার্কিং জোন থেকে স্টেশন পর্যন্ত কাদা ও জমা জলের মধ্যে দিয়েই যেতে হচ্ছে। লাগেজ নিয়ে যাত্রীদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে বয়স্ক ও শিশুদের নিয়ে যাত্রীরা বেশি বিপাকে পড়ছেন।

    উল্লেখ্য, স্টেশন আধুনিকীকরণের কাজের জন্য পার্কিং জোন অনেক দূরে সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্বমানের স্টেশন গড়ে তোলার এই প্রকল্পের কারণে সাময়িক অসুবিধা হলেও, যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা এবং রেল আধিকারিকরা। তিন মাস আগে তিনি কাজ পরিদর্শনের পর স্থানীয় রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে জানিয়েছিলেন, মূল কাজ শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। তবে মার্চ মাসের মধ্যেই পার্কিং থেকে স্টেশনে যাওয়ার সমস্যা মিটবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল।

    এখনও প্রতিশ্রুতি মতো সেই কাজ না হওয়া প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা বলেন, আগামী মার্চ মাসের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যে কাজ দ্রুতগতিতে চলছে। পার্কিং জোন থেকে যাত্রীদের যাতায়াতের সুবিধার দিকটিও মাথায় রয়েছে। 

    রেল সূত্রে জানা গিয়েছে, স্টেশন সংস্কারের প্রাথমিক খরচ ধরা হয়েছিল ৩৩৪ কোটি টাকা। পরে অতিরিক্ত কাজ যুক্ত হওয়ায় তা বেড়ে প্রায় ৫০০ কোটিতে দাঁড়িয়েছে। প্রথম পর্যায়ের কাজ শেষ হলেই যাত্রীদের জন্য আধুনিক সুবিধা চালু হবে। সম্পূর্ণ প্রকল্প শেষ হতে আরও প্রায় এক বছর সময় লাগবে। বর্তমানে এই স্টেশনে প্রতিদিন প্রায় ৬০ হাজার যাত্রী যাতায়াত করেন, যা ভবিষ্যতে দ্বিগুণ হতে পারে। সেই কথা মাথায় রেখেই স্টেশনকে বিমানবন্দরের আদলে গড়ে তোলা হচ্ছে। উন্নত পার্কিং, ওষুধের দোকান, ব্যাংক ও শপিং মল সহ এক ছাতার নীচে সমস্ত পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। স্টেশনের পাশাপাশি সংলগ্ন এলাকার বেহাল রাস্তাও সংস্কার করা হবে বলে জানান কপিঞ্জলকিশোর শর্মা। 

    • নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)