• উত্তরবঙ্গ: ভোট গণনা নিয়ে আজ প্রস্তুতি বৈঠকে পদ্ম, কাল অভিষেকের ভিডিয়ো কনফারেন্স
    বর্তমান | ০১ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সিসি ক্যামেরা থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। কড়া নিরাপত্তার বলয়ে স্ট্রং রুমে বন্দি ইভিএম। এমন প্রেক্ষাপটে উত্তরবঙ্গজুড়ে ভোট গণনা নিয়ে প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলি। কাল, শনিবার দলের উত্তরবঙ্গের নেতাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিডিয়ো কনফারেন্স করবেন বলে খবর। এদিকে আজ, শুক্রবার উত্তরবঙ্গের ২৮টি আসনের ভোট নিয়ে পর্যালোচনা সভা করবে পদ্ম শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসাল। সেখানেই গণনার প্রস্তুতি নিয়ে আলোচনা হবে বলে খবর। 

    গত ২৩ এপ্রিল প্রথম দফায় উত্তরবঙ্গে ভোট হয়। প্রতিটি জেলার একাধিক জায়গায় খোলা হয়েছে স্ট্রং রুম। তাতে বন্দি রয়েছে ইভিএম। সিল করা স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী। প্রতিটি জায়গায় সিসি ক্যামেরায় নজর রাখা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও নজর রাখছেন স্ট্রং রুমে। আগামী ৪ মে গণনা। ভোটের ফলাফল নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। 

    এমন প্রেক্ষাপটে ভোট গণনা নিয়ে প্রস্তুতি শুরু করেছে জোড়াফুল শিবির। তারা কাউন্টিং এজেন্টদের ফর্ম নির্বাচন দপ্তরে দাখিল করতে শুরু করেছে। দলীয় সূত্রে খবর, কাল কাউন্টিং নিয়ে অভিষেক ভিডিয়ো কনফারেন্স করবেন। তাতে প্রতিটি কেন্দ্রের কো-অর্ডিনেটর, প্রার্থীর নির্বাচনি এজেন্ট, প্রার্থীরা সহ দলের জেলা সভাপতি, চেয়ারম্যানরা থাকবেন। 

    তৃণমূলের শিলিগুড়ি কেন্দ্রের কো-অর্ডিনেটর কুন্তল রায় বলেন, আমাদের কেন্দ্রে ২৮টি টেবিল ও ১২ রাউন্ড গণনা হবে। এর বাইরে এআরও এবং আরও’র টেবিল থাকবে। সবমিলিয়ে আমাদের ৩১ জন গণনা কর্মী থাকবেন।  

    গণনা দিন সকাল ৬টা থেকে সার্টিফিকেট বিলি পর্যন্ত এজেন্টরা সেখানেই থাকবেন। ইতিমধ্যে বিষয়টি এজেন্টদের জানানো হয়েছে। আগামী কাল, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভিডিয়ো কনফারেন্স করে কিছু পরামর্শ দেবেন। তারপর আবার গণনা কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শিবির করব। 

    এদিকে, ভোট গণনা নিয়ে পদ্ম শিবিরও প্রস্তুতি শুরু করেছে। দলীয় সূত্রে খবর, আজ মাটিগাড়ায় একটি হোটেলে বিজেপির শিলিগুড়ি বিভাগের বৈঠক হবে। তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসাল ছাড়াও দলের বঙ্গ বিজেপির পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব থাকবেন।

    বৈঠকে বিভাগের ২৮টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী, নির্বাচনি এজেন্ট, দলের  কনভেনর, দলের জেলা কমিটির শীর্ষস্থানীয় কার্যকর্তাদের ডাকা হয়েছে। 

    বিধানসভা ভিত্তিক প্রদত্ত ভোটের হার নিয়ে পর্যালোচনা করা হবে। সেই সঙ্গে গণনা কর্মীদের করণীয় কাজকর্ম  সম্পর্কে  বোঝানো হবে। 

    মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন বলেন, রাজ্যে  বিজেপি সরকার হবেই। তাই গণনা কর্মী জোগাড় করতে অসুবিধা হচ্ছে না। এ ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্ব বৈঠক ডেকেছে। এখন তাঁদের নির্দেশ মতো গণনা নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।           

     
  • Link to this news (বর্তমান)