• বহরমপুর জয়ে আশাবাদী ৩ প্রধান দলই
    বর্তমান | ০১ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুর আসনে এবার ত্রিমুখী লড়াই। জয়ের ব্যাপারে তিনটি দলই আশাবাদী। জয় পরাজয় নির্ধারণ হতে পারে মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে। এসআইআর পরবর্তী নতুন ভোটার তালিকায় বহরমপুরে মোট ২ লক্ষ ৪০ হাজার ভোটারের মধ্যে ২ লক্ষ ২০ হাজার ৮৯১ জন ভোট দিয়েছেন। বিপুল ভোট কোনদিকে গিয়েছে, সেই অঙ্ক কষছে সব পক্ষ। 

    গত বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল বহরমপুর আসনে। পদ্মপ্রার্থী সুব্রত মৈত্র (কাঞ্চন) পেয়েছিল ৮৯ হাজার ৩৪০ ভোট। এবারও তাকেই প্রার্থী করেছে পদ্ম শিবির। গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের নাড়ুগোপাল মুখোপাধ্যায় লড়াই করে ২৬ হাজার ৮৫২ ভোটে হেরে যান। তাঁর প্রাপ্ত ভোট ৬২ হাজার ৪৮৮। কিন্তু তার পরের বছরেই পুরসভা নির্বাচনে বহরমপুর পুরসভার ২৮টি ওয়ার্ডের মধ্যে ২২টি ওয়ার্ডে জয় পায় তৃণমূল। চেয়ারম্যান পদে বসেন নাড়ুগোপাল। এবার তাঁকেই প্রার্থী হিসেবে বেছে নিয়েছে ঘাসফুল শিবির।

     গত বিধানসভার নিরিখে দ্বিতীয় স্থান থেকে এক নম্বরে উঠে আসার জন্য লড়াইয়ে এক ইঞ্চি জায়গা ছাড়েনি তিনি। গত বিধানসভায় কংগ্রেসের প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী। কিন্তু মানুষের সমর্থন না পেয়ে তিনি সেই ভোটে মাত্র ৪০ হাজার ১৬৭ ভোট পেয়ে তিন নম্বরে নেমে যান। 

    এবার দীর্ঘ ৩০ বছর পর বিধানসভা ভোটের ময়দানে নেমে লড়াই করলেন বহরমপুরের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী। লক্ষ্য একটাই, পশ্চিমবঙ্গে কংগ্রেসকে চাঙ্গা করা। এই তিনজনের মধ্যে শেষ হাসি কে হাসবেন, তা মানুষই ঠিক করবেন। এই লড়াইয়ে অধীরের মূল প্রতিপক্ষ বিজেপির সুব্রত মৈত্র এবং তৃণমূলের নাড়ুগোপাল মুখোপাধ্যায়। ত্রিমুখী লড়াইয়ে কে গোল দেবেন তা রাজনীতির ময়দানই উত্তর দেবে। 

    অধীরবাবু বলেন, ভালো ভোট হয়েছে। জয়ের ব্যাপারে আশাবাদী। নাড়ুগোপালবাবু বলেন, এবার মানুষ আমাকে সমর্থন জানিয়েছেন বলে আমি আশাবাদী। লিড আমারই হবে। সুব্রতবাবু বলেন, আগের বারের থেকে ভালো ফল করব। এই বিপুল ভোট সরকার পরিবর্তনের ভোট। 
  • Link to this news (বর্তমান)