• ভোটের ফলের দিন চাহিদা বাড়বে মিষ্টির, প্রস্তুত মালদহ ও গাজোলের ব্যবসায়ীরা
    বর্তমান | ০১ মে ২০২৬
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। বুথ ফেরত সমীক্ষা বলছে লড়াই হবে হাড্ডাহাড্ডি। তারপরেই মালদহ এবং গাজোলে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী এবং সমর্থকরা বিজয়োত্সব পালনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এক্ষেত্রে মিষ্টিমুখ করাতে অর্ডার দেওয়া শুরু করেছেন বিভিন্ন দোকানে। 

    এদিকে হঠাত্ এই চাহিদার সঙ্গে জোগানের সামঞ্জস্য রাখতে মালদহ এবং গাজোলে বেশি পরিমাণ লাড্ডু এবং রসগোল্লা স্টক রাখবেন মিষ্টান্ন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে এমনটাই জানা গিয়েছে। মালদহ কেন্দ্রে পুরাতন মালদহে শহরের মঙ্গলবাড়ি, মির্জাপুর, বুলবুলচণ্ডী, সদরঘাট সদর, গাজোল কেন্দ্রে থানা, ৫১২ নম্বর জাতীয় সড়ক, কদুবাড়ি সহ বিভিন্ন মোড় এলাকায় একাধিক মিষ্টির দোকান বেশ জনপ্রিয়। উৎসবের মরশুম থাকলে এদের মধ্যে বেশকিছু দোকানে দিনে আড়াই থেকে তিন হাজারের বেশি লাড্ডু বানানো হয়। সাধারণ দিনে সেটাই নেমে আসে পাঁচশো থেকে হাজারে। রসগোল্লার ক্ষেত্রেও সংখ্যাটা প্রায় এক। ভোট উত্সবের জন্য এবার পাঁচ হাজারের বেশি লাড্ডু বানিয়ে রাখবেন বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। পাশাপাশি, ছানা ও অন্য উপকরণ থাকবে, চাহিদা অনুযায়ী বানিয়ে দেওয়ার জন্য তৈরি বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা।

    পুরাতন মালদহ শহরের মিষ্টি ব্যবসায়ী অখিল হালদারের কথায়,ভোটের ফলাফলের দিন মিষ্টির অনেক চাহিদা থাকবে। এসব দিনে খদ্দেররা একসঙ্গে অনেক মিষ্টি কেনেন। সেজন্য অন্য দিনের থেকে বাড়তি স্টক রাখব। অখিল জানান, শহরে পর্যাপ্ত কারিগরের অভাব রয়েছে। সেজন্য এবার রাজনৈতিক দলের প্রতীক এবং রং অনুয়ায়ী মিষ্টি তৈরি না হওয়ার সম্ভাবনা বেশি। তবে, স্থানীয়রা যে ধরনের মিষ্টি সারা বছর খান, সেগুলিই বেশি করে তৈরি করা হবে। 

    গাজোলের মিষ্টি ব্যবসায়ী ডালিম সরকার বলেন, ভোটের রেজাল্টের দিকে সবার নজর রয়েছে। সেদিন আমরা অনেক বেশি মিষ্টি মজুত রাখব। সাইজ অনুসারে দাম একই থাকবে। • নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)