ফল বেরনোর পর পূর্ব মেদিনীপুরে পুলিশ অফিসারদের বদলির সম্ভাবনা
বর্তমান | ০১ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, তমলুক: নির্বাচনি নির্ঘণ্ট প্রকাশের পর পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপার থেকে একগুচ্ছ থানার আইসি ও ওসি পদে ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন। তালিকায় ১০টি থানার আইসি এবং ওসি ছিলেন। শুধু বদলিই নয়, তাঁদের জেলার বাইরে পোস্টিং দেওয়া হয়েছে। প্রচারপর্বের শেষ মুহূর্তে বদলি হন হলদিয়া এবং কাঁথির মহকুমা পুলিশ অফিসাররা। ভোট মিটে যাওয়ার পর আবারও রদবদল নিয়ে চর্চা শুরু হয়েছে। নতুন সরকার গঠন হওয়ার পর কমিশনের আদেশে পোস্টিং পাওয়া অফিসারদের অনেকেই আবারও বদলি হতে পারেন বলে পুলিশ মহলে গুঞ্জন চলছে।
ভোটের নির্ঘণ্ট প্রকাশের প্রাক-মুহূর্তে রাজ্য সরকার পূর্ব মেদিনীপুরের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মিতুনকুমার দে’কে সরিয়ে পারিজাত বিশ্বাসকে নতুন এসপি করেছিল। যদিও নির্বাচন কমিশন সেই পুলিশ সুপারকেও সরিয়ে দেয়। তাঁর জায়গায় যোগ দেন অংশুমান সাহা। শুধু পুলিশ সুপার নন, তমলুক, কাঁথি, এগরা, হলদিয়া ও নন্দীগ্রাম থানার আইসি পরিবর্তন করে নির্বাচন কমিশন। এছাড়া, খেজুরি, চণ্ডীপুর, কোলাঘাট, পটাশপুর এবং ভগবানপুর থানার ওসিদের সরিয়ে দিয়েছিল কমিশন। গত ৭ এপ্রিল পটাশপুরে একটি ঝামেলার ঘটনায় কমিশন নিযুক্ত ওসিকেও সরিয়ে দেওয়া হয়েছিল।
বদলি হওয়ার ১০টি থানার আইসি এবং ওসিদের পূর্ব মেদিনীপুর জেলায় রাখা হয়নি। ২৪ ঘণ্টার নোটিসে তাঁদের অন্যত্র বদলি করে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল কমিশন। সেইমতো তাঁদের জেলা ছাড়তে হয়েছিল। ভোটপর্ব মিটে যাওয়ার পর এখন আবারও পুলিশের রদবদল নিয়ে চর্চা চলছে। অনেকেই বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হলে ফের মিতুনকুমার দে ফের পূর্ব মেদিনীপুরের এসপি পদে জয়েন করতে পারেন।
একইসঙ্গে বিভিন্ন থানার ওসির ঘন ঘন রদবদল নিয়ে অফিসারদের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়েছিল। ১৫দিনের মধ্যে একাধিক থানার ওসিকে তিন থেকে চারটি থানায় বদলি করার নজির গড়েছে নির্বাচন কমিশন। এত অল্প সময়ের মধ্যে বিভিন্ন থানার অফিসার ইন-চার্জদের ঘন ঘন বদলি সম্ভবত পূর্ব মেদিনীপুরে অতীতে কোনোদিন হয়নি।
এবার নির্বাচন কমিশন প্রশাসনিক দপ্তরের পাশাপাশি পুলিশেও ব্যাপক রদবদল ঘটিয়েছে। ভোটের চারদিন আগে বদলি হন হলদিয়া এবং কাঁথির দুই মহকুমা পুলিশ অফিসার। আপাতত ৪মে ফলাফলের দিকে তাকিয়ে সকলেই। ভোটের ফল ঘোষণার পর নতুন সরকার তৈরি হওয়ার পরই আবারও রদবদলের সম্ভাবনা রয়েছে বলে খবর। যদিও নতুন সরকারের উপর সেই রদবদল নির্ভর করবে।
এই মুহূর্তে ভোট পরবর্তী হিংসা মোকাবিলা প্রশাসন ও পুলিশের কাছে মস্তবড় চ্যালেঞ্জ। এই কাজের জন্য পূর্ব মেদিনীপুরে ২৩ কোম্পানি আধাসেনা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। তাদের নিয়ে রোজ এরিয়া ডোমিনেশন করছে পুলিশ।