• ডবল হ্যাটট্রিকের পথে রামপুরহাটে তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়, দাবি নেতাদের, বাজারে সবুজ আবিরের চাহিদা তুঙ্গে
    বর্তমান | ০১ মে ২০২৬
  • সংবাদদাতা, রামপুরহাট: আগামী সোমবার বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা। রামপুরহাট কেন্দ্রে শাসকদলের প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায় ডবল হ্যাট্রিকের পথে-এমনটাই দাবি ঘাসফুল শিবিরের নেতা-কর্মীদের। আর সেজন্য বাজারে সবুজ আবিরের চাহিদা তুঙ্গে উঠেছে। যা প্রমাণ করে, এক্সিট পোল যাই বলুক না কেন; তৃণমূল কর্মী-সমর্থকরা জয়ের বিষয়ে ১০০শতাংশ নিশ্চিত।

    ভোটে জেতার পর আবির খেলার রীতি রয়েছে। তাই এবারও ফল ঘোষণার আগে রামপুরহাটের বাজারে সবুজ, গেরুয়া, লাল রংয়ের আবির চলে এসেছে। তবে স্থানীয় দোকানদাররা জানান, গত দু’দিন ধরে সবুজ আবিরের যে বিক্রি বেড়েছে, তা অন্য কোনো রংয়ের আবিরের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। তাই রামপুরহাটে কয়েক কুইন্টাল সবুজ আবির এনে রেখেছেন বিক্রেতারা। হাটতলার আবির বিক্রেতা তাপস গুপ্তা বলেন, গত দু’দিন ধরে সবুজ আবিরের চাহিদা বেড়েছে। পাঁচ ও ১০কেজির আবিরের ব্যাগ মিলছে। শুধু সবুজ আবিরই ৩০০ব্যাগ মজুত করা হয়েছে। গেরুয়া আবিরের চাহিদা থাকলেও তা সবুজ আবিরের তুলনায় কম। রামপুরহাটে আশিস বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের যে প্রভাব, তাকে পুঁজি করেই সবুজ আবির মজুত শুরু হয়েছে। তৃণমূল কর্মীরা মনে করছেন, গ্রামাঞ্চলের ভোটার ও বিশেষত মহিলাদের ভোটই তাঁদের বৈতরণী পার করাবে। আশিসবাবু বলেন, রামপুরহাটে আমরা জিতছিই। রাজ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন।

    বিভিন্ন এক্সিট পোল রামপুরহাটে বিজেপিকে সামান্য এগিয়ে রাখছে। বিজেপি কর্মীরা এই পূর্বাভাস দেখে খুশি হলেও তাঁদের মনের কোণে ২০২১-এর ভয় কাজ করছে। এক বিজেপি কর্মী বলেন, একুশের ভোটেও এই কেন্দ্রে আমাদের এগিয়ে থাকা এবং রাজ্যে বিজেপি সরকার আসার ইঙ্গিত দেওয়া হয়েছিল। কিন্তু, ফলাফল হয়েছিল সম্পূর্ণ উলটো। তৃণমূল ২১৫টি আসন নিয়ে বিপুল জয় পায়। আর বিজেপি ৭৭-এ আটকে যায়। এই বিশাল ব্যবধান বিজেপি কর্মীদের মনে গেঁথে  দিয়েছে যে, সমীক্ষার ফল মানেই জয় নয়। তাই বিজেপি সমর্থকরা ৪মে সকালে গণনার ট্রেন্ড দেখার অপেক্ষায় রয়েছেন।

    বিজেপির জেলা সাধারণ সম্পাদক শান্তনু মণ্ডল বলেন, বিগত দিনে এক্সিট পোলে ভুল প্রমাণিত হয়েছে। আবার কিছু ক্ষেত্রে মিলেছে। আমরা ৪তারিখে দুপুর ১২টার পরই বিজয় উৎসব উদ্‌যাপনের প্রস্তুতি নেব।

    আগামী সোমবার রামপুরহাটের আকাশ যে সবুজ আবিরই ভরিয়ে দেবে-তা নিয়ে নিশ্চিত তৃণমূল কর্মীরা। আর গেরুয়া ঝড়ের অপেক্ষায় বিজেপি কর্মীরা। আবির বিক্রেতারা কিন্তু সমস্ত রঙের আবিরের 

    চাহিদা মেটানোর জন্যই প্রস্তুত রয়েছেন।  ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)