পশ্চিম বর্ধমান: পোস্টাল ব্যালট স্ক্যান করে যাবে গণনাকেন্দ্রের টেবিলে, কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন কং-তৃণমূলের
বর্তমান | ০১ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দ্বিতীয় দফার ভোট শেষ হতেই ভোট গণনার প্রস্তুতি পুরো মাত্রায় শুরু করে দিল প্রশাসন। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করেন জেলাশাসক তথা জেলার নির্বাচনি আধিকরিক পোন্নমবলম এস ও পুলিশ কমিশনার প্রণব কুমার। সেখানেই ৪ মে সোমবার গণনা দিন কী করা হবে, না হবে তা বিস্তারিত তুলে ধরা হয়। সেখানেই জানানো হয়, পোস্টাল ব্যালটগুলি সরাসরি কাউন্টিং টেবিলে গণনা হবে না। প্রথমে তা স্ক্যান করবেন কমিশনের আধিকারিকরা। পোস্টাল ব্যালটটি আসল হলে তবেই সেটি পাঠানো হবে কাউন্টিং টেবিলে। এই পদক্ষেপ নিয়েই প্রশ্ন তুলেছে কংগ্রেস ও তৃণমূল।
কংগ্রেস জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, আমাদের নেতা রাহুল গান্ধী আগেই প্রমাণ করে দিয়েছেন নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপি কীভাবে ভোট চুরি করছে। তাঁরা যে বিজেপির স্বার্থে বৈধ পোস্টাল ব্যালটও বাতিল করে দেবে না, তার গ্যারান্টি কোথায়। তৃণমূল কংগ্রেসের জেলা কোষাধ্যক্ষ অধীর গুপ্তও বলেন, নির্বাচন কমিশন বিজেপির ‘বি টিম’ হিসাবেই কাজ করছে। পোস্টাল ব্যালট নিয়েও কোনো অসৎ উদ্দেশ থাকতে পারে। আমরা কিন্তু একটা বৈধ ভোটও বাদ পড়তে দেব না। সিপিএম প্রতিনিধি মনোজ দত্ত অবশ্য এতে কমিশনের স্বচ্ছ ভূমিকাই দেখছেন।
জানা গিয়েছে, ভোট গণনার দিন গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। একেবারে বাইরের স্তরে থাকবে কেন্দ্রীয় বাহিনী, মাঝের স্তরে রাজ্য পুলিশ, শেষ স্তরেও কেন্দ্রীয় বাহিনী। কাউন্টিং এজেন্টরা বাইরে থেকে খাবার নিয়ে আসতে পারবেন না। কাউন্টিং হলে একবার ঢুকে যাওয়ার পর আর বেরনো যাবে না। কোনো বৈদ্যুতিন যন্ত্র, এমনকী ক্যালকুলেটরও নিয়ে ঢোকা যাবে না বলে জানানো হয়েছে। ভোট যোগ করার ক্ষেত্রে এতে সমস্যা হবে বলে অনেক দলের প্রতিনিধি অভিযোগ তুলেছেন। ভোট গণনার টেবিলের সংখ্যাও গতবারের থেকে কমানো হয়েছে বলে জানা গিয়েছে, প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, পাণ্ডবেশ্বর বিধানসভায় গণনার জন্য দু’টি রুমে ২১টি টেবিল থাকছে। দুর্গাপুর পূর্বে টেবিল হয়েছে ১৬টি, দুর্গাপুর পশ্চিমে ১৬টি, রানিগঞ্জে ১৮টি, জামুড়িয়ায় ১৮টি, আসানসোল দক্ষিণে ২২টি, আসানসোল উত্তরে ২৪টি, কুলটিতে ২০টি ও বারাবনিতে ২২টি টেবিল থাকছে। একই ভাবে পোস্টাল ব্যালট গণনার জন্য পৃথক হলে পৃথক টেবিল থাকবে। সকাল ৫টা ৫০ মিনিট থেকে পোস্টাল ব্যালট গণনা শুরু হবে। সকাল আটটা থেকে গণনা শুরু হয়ে যাবে। প্রশাসন আশা, দুপুর দুটোর মধ্যে গণনা শেষ হবে। পুলিশ কমিশনার প্রণব কুমার বলেন, গণনা কেন্দ্র ও গণনা কেন্দ্রের বাইরে কড়া নজরদারি রাখা হবে। প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের দলীয় পদক্ষেপও করা হয়েছে। ইতিমধ্যেই প্রতি বিধানসভার জন্য কাউন্টিং এজেন্ট চিহ্নিতকরণের কাজ সম্পন্ন। তাঁদের উদ্বুদ্ধ করতে শনিবার ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আসানসোল জেলাশাসকের অফিসে সর্বদলীয় বৈঠকে জেলাশাসক পোন্নমবলম এস, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট প্রণব কুমার সহ অন্যান্যরা।-নিজস্ব চিত্র