সিআরপিএফ অফিসারের ক্রেডিট কার্ড থেকে ২ লক্ষ টাকা উধাও
বর্তমান | ০১ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কোনো ওটিপি কিংবা পিন শেয়ার করেননি তিনি। অথচ, মাত্র একঘণ্টায় ১৩টি ট্রানজাকশন হল এবং এক সিআরপিএফ অফিসারের ক্রেডিট কার্ড থেকে উধাও হয়ে গেল প্রায় ২ লক্ষ টাকা! দ্বিতীয় দফার নির্বাচনের আগের দিন মঙ্গলবার প্রতারিত অফিসার সল্টলেকের বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। ট্রাকজাকশনের তথ্য ধরে পুলিশ অভিযুক্তের খোঁজ শুরু করেছে। কীভাবে এই সাইবার প্রতারণা ঘটল, তাও খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, এর আগে সল্টলেকে এই ধরনের ঘটনা ঘটেছিল। একইভাবে এক ব্যক্তির ক্রেডিট কার্ড ব্যবহার করে টাকা হাতিয়ে নিয়েছিল প্রতারকরা। ওই ঘটনাতেও কোনো ওটিপি বা পিন আসেনি! পুলিশ সূত্রে জানা গিয়েছে, দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে গত ২৪ এপ্রিল। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে। ওই ১৩টি ট্রানজাকশনই ইউপিআই ট্রানজাকশন করা হয়েছে। তাতে ১ লক্ষ ৯৭ হাজার ২৬ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে ওই অফিসার সংশ্লিষ্ট ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করে ব্লক করান। ব্যাংকে অভিযোগও নথিভুক্ত করেন। তারপর মঙ্গলবার তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সাইবার বিশেষজ্ঞদের কথায়, অনেকসময় মোবাইলে ক্রেডিট কার্ড সেভ থাকে। কোনো অ্যাপ কিংবা ই-কমার্সে অনেকে সেভ করে রাখেন। কীভাবে প্রতারকরা ওই কার্ডের নিজেদের অধীনে পেল তা কিনারা করা প্রয়োজন। প্রতারকরা অনেক সময় ডট এপিকে ফাইল পাঠিয়ে ফোন হ্যাক করে নিজেদের অ্যাকসেসে নিয়ে নিতে পারে। সেক্ষেত্রে তথ্য লোপাট করতে পারে তারা। পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত চলছে।