• কেন্দ্রীয় বাহিনীর সাঁজোয়া গাড়ির তেলের বিপুল খরচ নিয়ে চিন্তায় নবান্ন! ২-৩ কিমি গড়াতেই ১ লিটার ডিজেল
    বর্তমান | ০১ মে ২০২৬
  • প্রীতেশ বসু, কলকাতা: সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গে এবারই প্রথম নামানো হয়েছিল সাঁজোয়া গাড়ি। একটি দুটি নয়, শতাধিক। কেন্দ্রীয় বাহিনী এই গাড়ি নিয়ে এলেও তার তেল বাবদ খরচ জোগাতে হয় রাজ্যকেই। এমনিতেই ২,৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়ায়, রাজ্যের খরচ অনেকটাই বাড়বে বলে ধরে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে এই সাঁজোয়া গাড়ির তেল খরচ বাবদ রাজ্যের কোষাগার থেকে কত টাকা বেরোতে পারে, সেই হিসাব কষা শুরু করল প্রশাসন। কিন্তু, হঠাৎ কেন এই হিসাব কষার প্রয়োজন পড়ল? প্রশাসনিক মহলের বক্তব্য, ভারী ও সম্পূর্ণ আর্মার প্লেটিংয়ের একটি সাঁজোয়া গাড়ি ২ থেকে ৩ কিমি গড়াতে প্রয়োজন পড়ে ১ লিটার ডিজেলের। অর্থাৎ, শুধুমাত্র সাঁজোয়া গাড়ির তেল খরচ বাবদই রাজ্যের ঘাড়ে কয়েক হাজার কোটি টাকার বোঝা চাপবে বলেই উঠে আসছে প্রশাসনিক মহলের প্রাথমিক হিসাবে। 

    সূত্রের খবর, রাজ্যে ভোটপর্বের প্রস্তুতির সময়ই ১,২৬০ কোটি টাকা মতো কেন্দ্রীয় বাহিনী বাবদ খরচ হতে পারে বলে ধরে রেখেছিল নবান্ন। সেইসময় মনে করা হয়েছিল, ১২০০ থেকে ১৩০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়। আবার ভোট-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৫ সালের কেন্দ্রীয় বিজ্ঞপ্তি অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর একদিনের ইলেকশন অ্যালাউন্স ৩৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। ফলে কেন্দ্রীয় বাহিনী বাবদ খরচ বেশ অনেকটাই বাড়তে পারে বলে মত ওয়াকিবহাল মহলের। তার সঙ্গে যুক্ত হয়েছে সাঁজোয়া গাড়ির তেল বাবদ খরচও। 

    কাশ্মীর থেকে আনা হয়েছে এই সমস্ত সাঁজোয়া গাড়ি। পেরোতে হয়েছে প্রায় ২,৩০০ কিমি পথ। ফলে কাশ্মীর থেকে কলকাতা হয়ে ফের কাশ্মীর। তার সঙ্গে ভোটের সময় বিভিন্ন জায়গায় এই গাড়ির ঘুরে বেড়ানো নিয়ে একেকটি গাড়ি প্রায় ৫ হাজার কিমি অতিক্রম করবে। সেক্ষেত্রে কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত যাতায়াতের তেলের খরচও রাজ্যকে দিতে হলে, শুধুমাত্র সাঁজোয়া গাড়ির তেল বাবদ খরচই পৌঁছাতে পারে প্রায় আড়াই কোটি টাকায়। এখন দেখার ছাব্বিশের মহারণে কেন্দ্রীয় বাহিনী বাবদ খরচ কত টাকায় গিয়ে পৌঁছায়! প্রশাসনিক মহলের নজর সেদিকেই।
  • Link to this news (বর্তমান)