নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কাজে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক সাব ইনস্পেক্টরের। তিনি সোনারপুর থানায় কর্মরত ছিলেন। মৃতের নাম শুভজিৎ নাথ (৫১)। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সোনারপুর মহাবিদ্যালয় থেকে ইভিএমগুলি যাদবপুরের এপিসি পলিটেকনিক কলেজে নিয়ে যাওয়ার কথা ছিল তাঁর। সেই মতো থানা থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন ওই সাব ইনস্পেক্টর। কিন্তু কিছুটা যেতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। গাড়িতে উপস্থিত অন্যান্য সহকর্মীরা তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়েই ওই পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে অনুমান ডাক্তারের। জানা গিয়েছে, শুভজিৎবাবু ২০২৪ সালের শেষে এই থানায় পোস্টিং পেয়েছিলেন।