সকাল ১০টা থেকে ১৮টি সাইটে দেখা যাবে মাধ্যমিকের ফলাফল
বর্তমান | ০১ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাধ্যমিক পরীক্ষার ফল ৮ মে প্রকাশিত হবে, আগেই জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। এবার কোন কোন ওয়েবসাইটে কীভাবে কখন ফল পাওয়া যাবে, তা জানিয়ে দিল তারা। বৃহস্পতিবার পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সকাল ১০টা ১৫ মিনিট থেকে www.wbbsedata.com এবং www.wbse.wb.gov.in সরকারি ওয়েবসাইটগুলি সহ মোট ১৮টি সাইটে ফল দেখা যাবে। আইরেজাল্টস, মাধ্যমিক রেজাল্টস এবং এডুটিপস নামে তিনটি অ্যাপ ডাউনলোড করেও ফল দেখতে পারবে পড়ুয়ারা। সকাল সাড়ে ১০টা থেকে মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ শুরু হবে ৫৫টি ক্যাম্প থেকে। এবছর ছ’টি নতুন ক্যাম্প সংযোজন করা হয়েছে। ওই ক্যাম্প থেকে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের নবম শ্রেণির রেজিস্ট্রেশন সার্টিফিকেটও বিলি করবে পর্ষদ। এর জন্য স্কুলগুলিকে রেজিস্ট্রেশন রিপোর্টের প্রিন্ট করা কপি এবং ব্যাংক চালানের প্রতিলিপি সহ ক্যাম্পে যেতে হবে। এই নথিগুলি ছাড়া স্কুলগুলিকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে না। প্রসঙ্গত, বার বার সময় দেওয়া সত্ত্বেও রেজিস্ট্রেশনের নথি অনলাইনে জমা দিতে ব্যর্থ হয় বহু স্কুল। তাই ২৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ফের সময় দেওয়া হয় পর্ষদের তরফে। তার মধ্যেও যারা অনলাইনে নথি দিয়েছে, তাদেরও ৮ মে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে বলে জানিয়েছে পর্ষদ।