আইসিএসই-আইএসসিতে উজ্জ্বল বাংলা, দশমে শীর্ষে রাজ্যের ১২ জন, দ্বাদশে ৭ পড়ুয়া
বর্তমান | ০১ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সর্বভারতীয় স্কুল বোর্ড সিআইএসসিই পরিচালিত দশম (আইসিএসই) এবং দ্বাদশ শ্রেণির (আইএসসি) চূড়ান্ত পরীক্ষায় বাংলার জয়জয়কার। আইএসসি’তে ৪০০-এ ৪০০ পেয়ে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন বাংলার সাতজন পড়ুয়া। আর ৫০০-এ ৪৯৯ পেয়ে আইসিএসই পরীক্ষায় দেশের মধ্যে শীর্ষে এরাজ্যেরই ১২ জন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাফল্যে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ছাত্রছাত্রীদের। এক্স হ্যান্ডলে খুশি প্রকাশের সঙ্গে তিনি এও জানিয়েছেন, অভিভাবকদেরও একটি ‘থ্যাঙ্ক ইউ’ নোট পাঠাবেন। আর শুধু কলকাতা নয়, কৃতীরা ছড়িয়ে রয়েছেন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে।
আইএসসিতে ১০০ শতাংশ নম্বর পেয়ে প্রথম হওয়া কৃতীরা হলেন কলকাতা লা মার্টিনিয়ার ফর বয়েজের ছাত্র হর্ষিত আগরওয়াল, সেন্ট জেমস স্কুলের অগ্নিভ চক্রবর্তী, শিলিগুড়ির মবার্ট স্কুলের ছাত্রী রাশি চৌবে, পানিহাটি সেন্ট জেভিয়ার্সের অনুষ্কা ঘোষ, কলকাতার জোকা বিবেকানন্দ মিশনের ছাত্র সুজাত পাল, কলকাতা হেরিটেজ স্কুলের ছাত্রী ইলিনা রাজকুমার উড়ানি এবং কলকাতার দিল্লি পাবলিক স্কুল, মেগাসিটির ছাত্র অনন রামি। আইসিএসইতে ৫০০-এ ৪৯৯, অর্থাৎ ৯৯.৮০ শতাংশ নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা হলেন, বারাকপুর সেন্ট অগাস্টিনস ডে স্কুলের ছাত্র নৈঋত বসু, পূর্ব বর্ধমান সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্রী নীপবীথি দত্ত, ক্যালকাটা গার্লসের আইরিন মিত্র, হেরিটেজ স্কুলের ছাত্র আরভ গোয়েঙ্কা এবং শ্রেয়াংস দাস, গার্ডেন হাইস্কুলের ছাত্র আরোহণ গুহ মজুমদার এবং সৌরাগ্নি বন্দ্যোপাধ্যায়, শ্রী অরবিন্দ ইনস্টিউট অব এডুকেশনের ছাত্র অরণ্য ঘোষ, মডার্ন হাইস্কুলের ছাত্রী নন্দিনী শীল, রামমোহন মিশনের ছাত্র অর্কদীপ বন্দ্যোপাধ্যায়, শিলিগুড়ির অক্সিলিয়াম কনভেন্টের ছাত্র দিব্যেন্দু প্রামাণিক এবং সেন্ট মাইকেলস স্কুলের ছাত্র রৌনক কুমার।
রাজ্যজুড়ে ৪৫৭টি স্কুল থেকে আইসিএসই এবং ৩৪৮টি স্কুল থেকে আইএসসি’তে বসেছিলেন ছাত্রছাত্রীরা। আইসিএসইতে ছিল ৪৪ হাজার ৪১০ জন ছাত্রছাত্রী। পাশের হার ৯৮.৮৪ শতাংশ। সংখ্যায় বেশি হলেও পাশের হারে মেয়েদের (৯৯.২২ শতাংশ) তুলনায় পিছিয়ে ছেলেরা (৯৮.৫৩ শতাংশ)। আইএসসি’তে ছিলেন ২৮ হাজার ৭৯১ জন ছাত্রছাত্রী। মোট সংখ্যায় এক্ষেত্রেও ছাত্ররা এগিয়ে। তবে, পাশের হারে একইভাবে ছাত্রীরা (৯৯.৩১ শতাংশ) এগিয়ে রয়েছে ছাত্রদের (৯৮.৫৪ শতাংশ) চেয়ে। প্রসঙ্গত, সর্বভারতীয় ক্ষেত্রে আইসিএসই এবং আইএসসি’তে যথাক্রমে পাশের হার ৯৯.১৮ শতাংশ এবং ৯৯.১৩ শতাংশ।
এছাড়াও ভালো ফল হয়েছে শহরের বেশ কিছু নামী স্কুলে। পার্ক সার্কাস ডন বসকো স্কুলের অক্ষত মুন্দ্রা আইএসসি’তে পেয়েছেন ৯৯.৭৫ শতাংশ। আইসিএসইতে এই স্কুলেরই ছাত্র দেবাদিত্য পাল চৌধুরী, সৃজন পোল্লে, স্বানিক চৌধুরীরা ৯৯.৪০ শতাংশ করে পেয়েছে। দশমে এই স্কুলের ১০৬ জন এবং দ্বাদশে ৯৯ জন ৯০ শতাংশের উপর নম্বর পেয়েছে।
সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের আইএসসি’র শীর্ষ স্থানাধিকারী অবনী চোপড়া পেয়েছেন ৯৯.৫ শতাংশ। আইসিএসই’র শীর্ষ স্থানাধিকারী স্নেহম পালের প্রাপ্ত নম্বরের হার ৯৮.৬ শতাংশ। এমপি বিড়লা ফাউন্ডেশন থেকে প্রিয়াশা কুণ্ডু (৯৯ শতাংশ) আইসিএসইতে এবং আত্রেয়ী বসু (৯৯.৫ শতাংশ) আইএসসি’তে টপার হয়েছেন।