সুকান্ত বসু ও সোহম কর, কলকাতা: সোমবার অকাল হোলি। ‘হোলি হোলি না, দোল বলুন। বাঙালি দোল খেলে, হোলি নয়, বলেন বড়বাজারের রং ব্যবসায়ী রঘুনাথ স্যান্যাল।’ তিনি ২৫ কেজির আবিরের বস্তা মজুত করেছেন। অধিকাংশই সবুজ। বড়বাজারের অধিকাংশ আবির ব্যবসায়ীই সবুজ আবির এনেছেন বেশি পরিমাণে। প্রায় সকলেরই বক্তব্য, ‘তৃণমূলই মনে হচ্ছে ক্ষমতায় আসছে। তাই সবুজই বেশি রেখেছি। কয়েকটি জায়গায় বিজেপি ও সিপিএম জিততে পারে। তাই অল্প হলে গেরুয়া ও লাল আবির রাখা।’
আবির শুধু নয়, বড়বাজার এখন ভোট পসরায় ছয়লাপ। টুপি, ব্যাজ, গেঞ্জি, রুমাল, কাগজের ফ্ল্যাগ, টি শার্টও বিক্রি হচ্ছে। অর্ডার দেওয়া চলছে রাজনৈতিক দলের প্রতীক দেওয়া সন্দেশেরও। সোমবার গণনা শুরুর পর সেগুলি নিয়ে উৎসবে মাতবেন বাংলার রাজনৈতিক দলের কর্মীরা, বাংলার লক্ষ্মীরা।
রাজ্যে বিধানসভা ভোট গ্রহণ শেষ। ৪মে, সোমবার গণনা। ক্ষমতায় কোন দল আসছে তা নিয়ে রাজ্যজুড়ে জোর চর্চা। কলকাতার পাইকারি মার্কেট বড়বাজারে প্রায় সবকিছুই বিক্রি হয়। ফলাফলের আগে সেখানে ব্যবসা হচ্ছে ভোট-সামগ্রীর। বৃহস্পতিবার ক্যানিং স্ট্রিটে প্রবেশ করে বোঝা গিয়েছে, ভোটের বাজারে তৃণমূলেরই আধিক্য। গণনার দিনের কথা মাথায় রেখে চলে এসেছে তৃণমূলের ব্যাজ। অসংখ্য উত্তরীয় মজুত করা রয়েছে দোকানগুলিতে। রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ, জোড়াফুল আঁকা মহিলাদের শাড়ি। আর আছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া টি শার্ট। ভোটের ফলাফলের অপেক্ষায় থাকা দোকানিরা সবদিকের হিসেব বুঝে, ব্যবসার কথা মাথায় রেখে স্টক করছেন তৃণমূলের পতাকা, ব্যাজ, শাড়ি, টি শার্ট। রং পট্টিতে দেখা গিয়েছে, সবুজ আবিরের বস্তায় ছেয়ে গিয়েছে দোকান। ব্যবসায়ীদের বক্তব্য, ‘চাহিদা বেশি সবুজেরই।’
বড়বাজারে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা শুরু হয়েছে খুচরো ব্যবসায়ীদের। তাঁরা পাইকারি বাজার থেকে কিনে নিজেদের দোকানে বিক্রি করবেন বলে কিনে নিয়ে যাচ্ছেন। বর্ধমানের পূর্বস্থলী থেকে আসা খুচরো ব্যবসায়ী সুমন দাস বলেন, ‘সবুজ আবিরের চাহিদা বাড়বে। আট বস্তা সবুজ আবির কিনব।’ পণ্ডিত পুরোষত্তম রায় স্ট্রিটের রং ব্যবসায়ী সমীরণ পাল বলেন, ‘কেউ গেরুয়া বা লাল আবির চাননি। সবাই কিনছেন সবুজ।’
ভোটে নিজের প্রার্থীর জয় নিশ্চিত জেনে বড়বাজারের এসেছিলেন পাঁচ যুবক। রঙের দোকানে এসে আনন্দ ধরে রাখতে পারেননি। একে অপরের গালে সবুজ আবির মাখিয়ে দেন। তারপর হাতে সবুজ আবির মেখে ‘ভিকট্রি সাইন’ দেখিয়ে ছবি তুলে পোস্ট করতে থাকেন।