পুরবোর্ডের সঙ্গে পুর কমিশনারের সংঘাত! সতর্ক করলেন মালা
বর্তমান | ০১ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার তৃণমূল কংগ্রেস চালিত পুরবোর্ডের সঙ্গে পুর কমিশনারের সংঘাত প্রকাশ্যে। নাম না করে বৃহস্পতিবার পুরসভার মাসিক অধিবেশনের শেষে নির্বাচন কমিশনের বসানো পুর কমিশনার স্মিতা পান্ডেকে কড়া বার্তা দিলেন পুরসভার চেয়ারপার্সন মালা রায়। যদিও, কমিশনারের নাম করেননি তিনি। মালার বার্তা, পুরসভায় শেষ কথা বলবেন মেয়র। কোনো অফিসারের কথায় পুরসভা চলবে না।
কিন্তু অধিবেশন কক্ষে কেন এমন বলতে হল মালাদেবীকে? পুরসভার নিয়মানুযায়ী প্রতি মাসে একবার অধিবেশন ডাকতে হয়। নির্বাচনের কারণে মাসের মাঝামাঝি সময় অধিবেশন ডাকা যায়নি। একদম শেষ দিন ৩০ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার বসেছিল অধিবেশন। কিন্তু অধিবেশন কক্ষে বিভিন্ন বিভাগীয় অফিসারের উপস্থিতি ছিল হাতেগোনা। জানা যায়, পুর কমিশনার যিনি আবার নিজে উত্তর কলকাতার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তিনি নির্দেশিকা জারি করেছেন, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্ট্রং রুম পাহারা দিতে হবে কলকাতা পুরসভার বিভিন্ন বিভাগের ডিজিদের। তালিকায় জল সরবরাহ বিভাগ, নিকাশি, জঞ্জাল সাফাই বিভাগ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগের ডিজিরা রয়েছেন। যেহেতু নির্বাচনের কাজে তাঁরা যুক্ত রয়েছেন, তাই পুরসভার অধিবেশনে থাকতে পারেননি। এদিন, অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্ব হয়। পরে অধিবেশন শেষে মালা রায় বলেন, বিধানসভা নির্বাচনের সঙ্গে কলকাতা পুরসভার কাজকর্মের সম্পর্ক নেই। সাংবিধানিকভাবে পুরসভা স্বশাসিত সংস্থা। যেহেতু এতদিন পুরসভার অনেক কাউন্সিলার বিধানসভায় প্রার্থী হয়েছেন, তাঁরা ভোটের কাজে ব্যস্ত ছিলেন। তাই নির্বাচন শেষ হওয়ার পর অধিবেশন ডাকা হয়। এই অধিবেশন ডাকতে আইনি বাধা নেই। কিন্তু অফিসাররা কেন থাকবেন না? কোনো তথ্য দরকার হলে সংশ্লিষ্ট বিভাগের অফিসারকে প্রয়োজন। নিয়ম অনুযায়ী ডিজিরা অধিবেশনে থাকেন। কিন্তু আজকে বেশিরভাগ অফিসার এখানে নেই! মালা রায়ের সংযোজন, শুনেছি কারও নির্দেশে এটা হয়েছে। অফিসারদের চাপ দিয়ে অধিবেশনে আসতে বারণ করা হয়েছে। মালা রায়ের বার্তা, এটা হতে পারে না। এখানে মেয়র শেষ কথা।
আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, অধিবেশনের তারিখ অনেক আগে ঠিক হয়েছিল। বুধবার পুর কমিশনার ডিইও (উত্তর কলকাতা) হিসাবে আটজন ডিজিকে নির্বাচনের কাজে যুক্ত করে দেন। এমন ঘটনা নজিরবিহীন।