উত্তর হাওড়া ও শিবপুর: মোদি-শাহের রোড শোয়ের পর রাস্তায় মরণফাঁদ, দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে ‘বাঁশ’
বর্তমান | ০১ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: প্রচার পর্বের জাঁকজমক শেষ, মিটেছে ভোটগ্রহণও। তবে নির্বাচনি আবহ কাটতেই সামনে উঠে আসছে সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র। উত্তর হাওড়া ও শিবপুরের একাধিক রাস্তায় বিজেপির রোড-শো’কে ঘিরে তৈরি হওয়া ব্যারিকেডের পরিকাঠামো এখন ভোগান্তির অন্যতম কারণ বলে অভিযোগ স্থানীয়দের। নির্বাচনের শেষ লগ্নে উত্তর হাওড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড-শো’কে ঘিরে বড়সড় প্রস্তুতি নিয়েছিল বিজেপি। নিরাপত্তার স্বার্থে জিটি রোড, জে এন মুখার্জি রোড এবং অরবিন্দ রোডের দু’পাশে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছিল। প্রচার শেষ হওয়ার পর অধিকাংশ বাঁশ সরিয়ে নেওয়া হলেও রয়ে গিয়েছে সেই ব্যারিকেড বসানোর জন্য খোঁড়া বড়ো বড়ো গর্ত। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই গর্তগুলি আর ভরাট করা হয়নি। ফলে অসাবধানতাবশত পথচারীদের পা পড়লে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর যেসব এলাকায় পর্যাপ্ত আলো নেই, সেখানে বিপদের সম্ভাবনা আরও বাড়ছে। একই ধরনের পরিস্থিতি দেখা গিয়েছে শিবপুর এলাকাতেও। রামরাজাতলা স্টেশন রোড থেকে নতুন রাস্তা পর্যন্ত বিস্তীর্ণ অংশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রোড-শো উপলক্ষ্যে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছিল। বর্তমানে সেই বাঁশগুলি রাস্তার ধারে স্তূপাকারে পড়ে রয়েছে। এমনিতেই সংকীর্ণ এই রাস্তায় সারাদিন বাস, টোটো ও অন্যান্য যানবাহনের চাপ থাকে। তার উপর রাস্তার পাশে ফেলে রাখা বাঁশের জন্য যানজট আরও বাড়ছে বলে অভিযোগ। পাশাপাশি, যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না স্থানীয়রা। স্থানীয়দের একাংশের বক্তব্য, অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচিতে যেখানে তুলনামূলক সহজ ব্যারিকেড ব্যবস্থার উপর জোর দেওয়া হয়, সেখানে বিজেপির জাঁকজমকপূর্ণ আয়োজনের সঙ্গে দায়িত্বজ্ঞানহীনতার ছবি স্পষ্ট হয়ে উঠেছে। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, রোড-শো’য়ের অনুমতি ও তার পরবর্তী ব্যবস্থাপনার দায়িত্ব প্রশাসনের, দলের নয়। এ প্রসঙ্গে জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, নির্বাচন পর্ব শেষ হওয়ার পর প্রয়োজনীয় সব সামগ্রী সরানোর কাজ নিয়ম মেনেই করা হচ্ছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। -নিজস্ব চিত্র