• কড়া নজরে স্ট্রং-রুম, ব্যবস্থা খতিয়ে দেখতে বাঁকুড়ায় CEO
    এই সময় | ০১ মে ২০২৬
  • এই সময়: ভোট মিটতেই এখন সবার নজর গণনাকেন্দ্রের স্ট্রংরুমের দিকে। বুধবার রাত থেকেই রাজ্যের বিভিন্ন জেলার ডিসিআরসি (ডিস্ট্রিবিউশন সেন্টার কাম রিসিভিং সেন্টার) থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএম পৌঁছে দেওয়া হয়েছে স্ট্রংরুমে।

    বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে পূর্ব বর্ধমানের জেলাশাসক শ্বেতা আগরওয়াল জানান, জেলার চারটি গণনাকেন্দ্রেই নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি স্ট্রংরুমকে ঘিরে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। স্ট্রংরুমের ঠিক বাইরেই মোতায়েন থাকছে এক প্লাটুন করে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় ও তৃতীয় বলয়ের নিরাপত্তার দায়িত্বে থাকছেন রাজ্য পুলিশের সশস্ত্র জওয়ানরা। জেলাশাসক আরও জানান, ভোটের দিন ইভিএম খারাপ হওয়া সংক্রান্ত যে সব অভিযোগ উঠেছিল, তার দ্রুত সমাধান করা হয়েছে। গোটা জেলায় মাত্র ২১টি ইভিএম খারাপ হয়েছিল। ভাতারের একটি বুথে যান্ত্রিক ত্রুটির কারণে ভোট শুরু হতে দেরি হলেও পরে তা স্বাভাবিক হয়। এ ছাড়া ইউআইটি ভবনের স্ট্রংরুম নিয়ে ওঠা অভিযোগও খতিয়ে দেখেছে প্রশাসন, তবে সেখানে কোনও অসঙ্গতি মেলেনি।

    পূর্ব বর্ধমান জেলায় গণনার বিকেন্দ্রীকরণ করা হয়েছে চার ভাবে। বর্ধমানের ইউআইটি গণনাকেন্দ্রে বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর, গলসি, আউশগ্রাম ও ভাতার বিধানসভার কাউন্টিং হবে। এমবিসি ইঞ্জিনিয়ারি কলেজে হবে জামালপুর, খণ্ডঘোষ, রায়না ও মেমারি বিধানসভার কাউন্টিং। কালনা কলেজে কালনা, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ ও মন্তেশ্বর এবং কাটোয়া কলেজে কাটোয়া, কেতুগ্রাম ও মঙ্গলকোট বিধানসভার কাউন্টিং হবে।

    এ দিকে, বৃহস্পতিবার সকালে বিভিন্ন ডিসিআরসি থেকে বাক্সবন্দি সিল করা ইভিএম কড়া পাহাড়ায় নিয়ে যাওয়া হয় কালনা কলেজের স্ট্রংরুমে। স্ট্রংরুমের ব্যবস্থা নিয়ে কোনও আপত্তি নেই বলে জানিয়েছে তৃণমূল, বিজেপি ও অন্যান্য দলগুলো। কাটোয়া কলেজে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতেই স্ট্রংরুম সিল করা হয়েছে। কাটোয়া বিধানসভার গণনা হবে ২১টি টেবিলে। পাঁচটি সিসিটিভি ক্যামেরা থাকবে। মঙ্গলকোট বিধানসভার গণনা হবে ২০টি টেবিলে। কেতুগ্রাম বিধানসভার গণনা হবে ২১টি টেবিলে। দু’টি ক্ষেত্রেই ক্যামেরা থাকছে পাঁচটি করে। মোট গণনা হবে ১৫টি রাউন্ডে। স্ট্রং রুম সুরক্ষায় প্রায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছেন। প্রার্থীদের সুবিধার্থে তিনটি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে স্ট্রংরুমের ভেতরের ছবি দেখার ব্যবস্থাও রাখা হয়েছে।

    আজ, শুক্রবার বাঁকুড়া জেলার গণনাকেন্দ্রের প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। দুপুর নাগাদ হেলিকপ্টারে তাঁর বাঁকুড়ায় পৌঁছানোর কথা। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় এবং বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজের গণনাকেন্দ্র দুটি তিনি পরিদর্শন করবেন। এ ছাড়া খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়েও গণনার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত রাখা হয়েছে।

    নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে নির্বাচন কমিশন যে কোনও ফাঁকফোকর রাখতে চাইছে না, মুখ্য নির্বাচনী আধিকারিকের এই সফর তারই ইঙ্গিত দিচ্ছে। আপাতত সিল করা স্ট্রংরুমের ভেতরেই বন্দি রয়েছে প্রার্থীদের রাজনৈতিক ভাগ্য।

  • Link to this news (এই সময়)