আজকাল ওয়েবডেস্ক: অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র তলবে সাড়া দিয়ে হাজিরা দিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। পুর নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। শুক্রবার নির্ধারিত সময়েই ইডি দপ্তরে পৌঁছান তিনি।
এর আগে ইডি সুজিত বসুকে তিনবার তলব করেছিল। তদন্তের স্বার্থে গত বছর লেকটাউনে মন্ত্রীর দুটি বাড়ি এবং তাঁর অফিসে ম্যারাথন তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। শুধু তাই নয়, তাঁর ছেলে সমুদ্র বসুর ধাবাতেও তল্লাশি চালানো হয়। ইডি সূত্রে দাবি করা হয়েছিল, সেই সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। এই মামলার সূত্রে সুজিত বসুর স্ত্রী, ছেলে, মেয়ে ও জামাইকেও এর আগে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
পুর নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় সংস্থার নজরে রয়েছেন রাজ্যের আরেক মন্ত্রী রথীন ঘোষও। তাঁর বাড়িতেও এর আগে তল্লাশি চালানো হয়েছে এবং ভোটের আগে তাঁকে ফের তলব করেছিল ইডি। এই মামলায় অন্যতম মূল অভিযুক্ত অয়ন শীলকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। অয়নের সংস্থার মাধ্যমেই বিভিন্ন পুরসভায় নিয়োগে কারচুপি হয়েছে বলে অভিযোগ ইডির।
আজ সুজিত বসুকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় তাঁর কোনো ভূমিকা ছিল কি না বা অয়ন শীলের সঙ্গে তাঁর কোনও লেনদেন হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ইডি দপ্তরে ঢোকার সময় মন্ত্রী সংবাদমাধ্যমের সামনে বিশেষ কিছু না বললেও, তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
পুর নিয়োগ দুর্নীতির এই তদন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।