• ১০ টাকায় মৃত মুরগি কিনতে হুড়োহুড়ি গ্রামবাসীদের!
    আজকাল | ০১ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সাত সকালে ভয়াবহ পথদুর্ঘটনা। চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দ্বারিকাপুর এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে। একটি ব্রয়লার মুরগি বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্যাংকারের পেছনে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই শতাধিক মুরগির মৃত্যু হয়।

    জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে যান চালক ও খালাসি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে জাতীয় সড়কের ওই অংশে একটি ট্যাংকার দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল। অন্ধকারে এবং সম্ভবত দৃশ্যমানতার অভাবে দ্রুতগতিতে আসা পিকআপ ভ্যানটি ট্যাংকারটি দেখতে না পেয়ে সজোরে ধাক্কা মারে।

    ঘটনার জেরে ভ্যানে থাকা খাঁচাগুলি ভেঙে যায়। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে বহু ব্রয়লার মুরগি। ঘটনাস্থলেই শতাধিক মুরগির মৃত্যু হয় বলে দাবি স্থানীয়দের। এখানেই শেষ নয়।  দুর্ঘটনার পর যা দেখা যায়, তা ঘিরেই নতুন করে তৈরি হয়েছে বিতর্ক ও চাঞ্চল্য। 

    ঘটনার পর মৃত মুরগিগুলি স্থানীয়দের মধ্যে মাত্র ১০ টাকা দরে বিক্রি করা শুরু হয়। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের গ্রাম থেকে বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। কম দামে মাংস পাওয়ার লোভে অনেকেই সেই মুরগি কিনতে এগিয়ে আসেন। ফলে কিছুক্ষণের মধ্যেই জাতীয় সড়কের একাংশে ভিড় ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। 

    ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের (এনএইচ) টিম এবং ডেবরা থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ভিড় সরিয়ে দেয়। পরে ক্ষতিগ্রস্ত পিকআপ ভ্যানটিকে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। 

    দুর্ঘটনাগ্রস্ত ট্যাংকারটিকেও নিরাপদ স্থানে সরানো হয় বলে খবর। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি। তবে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। একই সঙ্গে মৃত মুরগি বিক্রির বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে স্বাস্থ্যবিধি ও জনস্বাস্থ্য নিয়ে। 

    এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। বর্তমানে ওই জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (আজকাল)