• ভোটের বাজারে কালবৈশাখীর দাপটে 'পাকা ধানে মই'
    আজকাল | ০১ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কালবৈশাখীর দাপটে গরম থেকে স্বস্তি মিললেও হাসি কেড়ে নিল কৃষকদের। বুধবার ভোটের দিন বিকেল থেকে টানা কালবৈশাখীর ঝড়বৃষ্টিতে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তিনমাসের ঘাম ঝড়ানো ফসল মাটিতে শুয়ে পড়েছে। একই চিত্র ধরা পড়েছে জেলার ভাতার, আউশগ্রামের একটা বড় অঞ্চলে। ঘোলদা গ্রামে দিয়ে দেখা যায়,ধান একেবারে মাটিতে শুয়ে পড়েছে। দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। 

    কৃষক বুলচাঁদ চৌধুরী বলছেন, "ধান একেবারে শুয়ে পড়েছে। ১০-১২ দিন কাটাই যাবে না।'' তাঁরা আশঙ্কা করছেন, এই ধান কাটতে অনেক বেশি খরচ হবে। দামও কম পাওয়া যাবে। আরেক কৃষক শেখ আসরফ জানান, দুশ্চিন্তার শেষ নেই। মাঠে জল জমে আছে। বারো আনা ধানেরই ক্ষতি হয়েছে।

    দুই কৃষক শেখ আমির, শেখ আয়াব নবী জানালেন,  সমস্যার শেষ নেই। পাকা ধানের উপর দিয়ে জল বইছে। ধান কাটা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত কতটা ধান ঘরে তুলতে পারব তা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। এই কালবৈশাখী যেমন শহরের মানুষকে গরম থেকে মুক্তি দিয়েছে, গ্রামে তেমনি 'পাকা ধানে মই'ও দিয়েছে।
  • Link to this news (আজকাল)