• লুঙ্গি পরে ভোটদান বিতর্কে নয়া মোড়, অভিনব উদ্যোগ
    আজকাল | ০১ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: লুঙ্গি পরে ভোটদানকে কেন্দ্র করে বিতর্ক থামছেই না। দ্বিতীয় দফার নির্বাচনে এই বিষয়কে ঘিরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর এবার অভিনব প্রতিবাদে সামিল হল তৃণমূল কংগ্রেস। লুঙ্গি পরে ভোট দিতে যাওয়া বৃদ্ধ ভোটারদের হাতে লুঙ্গি তুলে দিয়ে প্রতীকী প্রতিবাদ জানানো হয়।

    প্রসঙ্গত, দ্বিতীয় দফার ভোটের দিন বেড়গুম ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৮৯ নম্বর বুথ, কুচলিয়া এলাকায় কয়েকজন ভোটার লুঙ্গি পরে ভোট দিতে গেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আপত্তি জানান। অভিযোগ, তারা জানিয়ে দেন যে লুঙ্গি পরে ভোটদান করা যাবে না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়।

    এরই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই সমস্ত বৃদ্ধ ভোটারদের খুঁজে বের করে তাঁদের হাতে লুঙ্গি তুলে দেওয়া হয়। দলীয় কর্মীদের দাবি, এটি শুধু প্রতিবাদ নয়, বরং ভোটারদের অধিকার রক্ষার প্রতীক।

    এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা দোসোর আলি মণ্ডল বলেন, তিনি ছোটবেলা থেকেই লুঙ্গি পরে অভ্যস্ত এবং বহুবার এই পোশাকেই ভোট দিয়েছেন। আগে কখনও এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি বলেও জানান তিনি। তৃণমূলের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।

     
  • Link to this news (আজকাল)