আজকাল ওয়েবডেস্ক: গরিব ভ্যানচালকের ব্যাটারি চালিত ভ্যান 'মজার ছলে' চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ গুরুতর জখম হলেন ভ্যানচালক।
অভিযোগ, মত্ত আবস্থায় এক জওয়ান ভ্যানচালকের কাছ ভ্যান নিয়ে চালাতে গিয়ে ঘটায় বিপত্তি৷ খবর পেয়ে ঘটনাস্থলে গাইঘাটা থানার পুলিশ এসে চারজনকে আটক করে তাঁদের শারীরিক পরীক্ষা করাতে নিয়ে গিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, গুরুতর জখম ভ্যানচালক গাতির বাসিন্দা সূর্য পোদ্দার (৬২)-কে উদ্ধার করে স্থানীয় এবং কয়েকজন জওয়ান চাঁদপাড়া গ্রামীন হাসপাতালে ভর্তি করেন। তাঁর পায়ে গুরুতর আঘাত লেগেছে৷ তাঁকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আহত চালক জানিয়েছেন,এদিন তিনি ওই এলাকা দিয়ে ভ্যান নিয়ে যাচ্ছিলেন ৷ হাইস্কুলে জওয়ানদের ক্যাম্প রয়েছে ৷ ওইএলাকায় কয়েকজন জওয়ান তাঁকে দাঁড়াতে বলেন ৷ চাঁদপাড়ার যাবে বলে ভাড়া ঠিক করে ৷
অভিযোগ, সাধারণ পোষাকে থাকা জওয়ানদের একজন জোর করে ভ্যানচালককে ভ্যানে বসিয়ে চালাতে শুরু করেন৷ ভ্যানচালক ডানদিকে বসে ছিলেন।
অভিযোগ, প্রথমে ভ্যানটি বাঁদিকে রাখা একটি সাইকেলে ধাক্কা মারে। এরপর সামান্য কয়েক পা ডানদিকে গিয়ে সরাসরি ভ্যানটি একটি দোকানে সজোরে ধাক্কা মারে এবং পাশের দোকানে ধাক্কা মারে।
সেই সময় চালক ছিটকে পড়ে জখম হন৷ অভিযোগ, জওয়ানরা মত্ত অবস্থায় থাকায় এই ঘটনা ঘটে৷ জওয়ানদের কর্মকান্ড নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গাইঘাটা থানার আইসি এবং পুলিশ বাহিনী।
তাঁরা তদন্ত শুরু করেছেন। খবর পেয়ে স্কুলে এসে জওয়ানদের সঙ্গে কথা বলেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর৷ মমতা ঠাকুর বলেন, আমাদের একজন মতুয়া ভ্যানচালককে দুর্ঘটনায় গুরুতর যখন হয়েছেন এই জওয়ানদের জন্য ৷ বিষয়টি তদন্ত করে পুলিশ বিচার করুক।