CPIM নয়, বাম রাজনীতির সমর্থক, ISC-তে প্রথম অনুষ্কার কোন নেতাকে পছন্দ?
আজ তক | ০১ মে ২০২৬
বৃহস্পতিবার আইএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আর সেখানে বাংলার মুখ উজ্জ্বল করেছেন পানিহাটির সেন্ট জেভিয়ার্সের ছাত্রী অনুষ্কা ঘোষ। ৪০০-র মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৪০০। ছোট থেকেই পড়াশুনোর পাশাপাশি গল্প পড়া, লেখা ও বিভিন্ন ধরণের সিনেমা দেখা তাঁর অবসর যাপনের অংশ। রাজনীতির খবর রাখেন, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে ফলো করেন। বাম রাজনীতির বিকাশ চান। তবে তিনি সিপিআইএম নন।
রাজনীতিতে আসতে চান অনুষ্কা?
রাজনীতির ব্যাপারে খুব বেশি মন্তব্য করতে নারাজ। bangla.aajtak.in-কে দেওয়া সাক্ষাৎকারে অনুষ্কা বলেন, 'আমি বাম রাজনীতি সমর্থন করি। তবে বাম রাজনীতির কথা বলতে গেলেই আমরা ধরে নিই সিপিআইএম। তবে আমার ক্ষেত্রে তা নয়, আমার সিপিআইএম-এর কিছু নীতি ভাল লাগে অবশ্যই। তবে সবটার সঙ্গে একমত নই। ফলে আমাকে সিপিআইএম বলে দাগিয়ে দেওয়ার কিছু নেই।'
কাকে পছন্দ আইএসসি টপারের?
সিপিআইএম ছাড়াও প্রচুর বাম দল রয়েছে। তা হলে আসলে কোন দলের সমর্থক অনুষ্কা? প্রশ্ন শুনে তিনি বলেন, 'আমি সোশ্যালিস্ট ডেমোক্রেটিক সমাজের স্বপ্ন দেখি। নিউইয়র্কের মেয়র জোহরান মামাদানির প্রচার, তাঁর কাজ ভাল লেগেছে।' আইএসসি-তে প্রথম হওয়ার রহস্য কী? সে ব্যাপারেও মুখ খুলেছেন অনুষ্কা। একজন অভিজ্ঞ ও সফল ক্রীড়াবিদ যেভাবে ম্যাচ শেষে উত্তর দেন। অনেকটা সেভাবেই তিনি বলেন, 'ধারাবাহিকতাই আসল। তা হলে পরীক্ষার আগে চাপ বাড়ে না। আমি ক্লাস টেনেও এটা মেনেই চলেছি। ফলে পরীক্ষার আগে যে বাড়তি টেনশন বা চাপ হয় সেটা এড়ানো যায়।' বলার পরেই তিনি আরও যোগ করেন, 'এটা কিন্তু আমার মা-র টিপস। আমি মেনে চলেছি। আর তাতেই সাফল্য পেয়েছি।'
ভবিষ্যতের প্ল্যান কী?
রাজনীতি সচেতন অনুষ্কা কি তবে বাম রাজনীতিতে যোগ দেবেন? আপাতত যদিও এ ব্যাপারে কিছুই ভাবতে চাইছেন না অনুষ্কা। লক্ষ্য আইআইটি। ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠিত করেই সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে। তবে দেশের সেবা করার ইচ্ছে প্রবল। ইঞ্জিনিয়ারিং-এর কোন বিভাগ নিয়ে পড়তে আগ্রহী? অনুষ্কা বলেন, 'আমার ইচ্ছে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া। আসলে আমাদের সিলেবাসে বা স্কুলে তো সমস্ত স্ট্রিমের ব্যাপারে আলাদা করে আলোচনা হয় না? ফলে ঠিক করার সুযোগ সেভাবে থাকে না তাই আগে সুযোগ পাই তারপর কাউন্সিলিং-এ গিয়ে ভাবব ঠিক কোন স্ট্রিম নিয়ে পড়াটা ঠিক হবে।'
দেশের সেবা করার ইচ্ছে রয়েছে তাঁর। তবে কি বেছে নেবেন ইউপিএসসি? যদিও আমলা হওয়ার ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেননি অনুষ্কা।