স্বাধীনতা হীনতায়… সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে আট ধাপ নামল ভারত, উঠল পাকিস্তান
প্রতিদিন | ০১ মে ২০২৬
সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকের মানদণ্ডে ১৮০টি দেশের মধ্যে গত বছরের চেয়ে ৬ ধাপ নেমে গেল ভারত। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) ২০২৬-এর বার্ষিক রিপোর্টে ভারতের স্থান ১৫৭-তে এসে দাঁড়িয়েছে বলে জানাচ্ছে। ৩ মে বিশ্ব প্রেস ফ্রিডম ডে-র প্রাক্কালে আরএসএফের বার্ষিক সূচকে শুধু ভারত নয়, সারা দুনিয়ারই মিডিয়া স্বাধীনতার করুণ দশা ফুটে উঠেছে। সাংবাদিকরা কোন পরিস্থিতিতে পেশাগত দায়বদ্ধতা পালন করেন, মিডিয়ার স্বাধীনতার গণ্ডি কতদূর, আলোচনা করতে গিয়ে চলতি বছরের রিপোর্টে তারা জানিয়েছে, অর্ধেকেরও বেশি দেশে প্রেস স্বাধীনতা ‘কঠিন’ বা ‘খুব সিরিয়াস’ পর্যায়ে রয়েছে।
সেখানে আরএসএফের অভিমত, ২৫ বছরে ১৮০টি দেশ ও তালিকায় অন্তর্ভুক্ত অঞ্চলের গড় স্কোর কখনও এত খারাপ হয়নি। ২০২৫-এ ভারতের জায়গা ছিল ১৫১-তে। ২০২৪-এর ১৫৯ নম্বর থেকে বেশ কিছুটা ভালো জায়গায় উঠে আসতে পেরেছিল ভারত। কিন্তু ২০২৬-এর তালিকায় ফের অবনমন হল।
ভারতের পিছনে থাকা দেশগুলির মধ্যে ভেনেজুয়েলা, সুদান, ইরাক, তুরস্ক, আফগানিস্তান, ইরান, চিন, উত্তর কোরিয়া রয়েছে। আবার ২০২৫-এ ভারতের নিচে থাকা বেশ কয়েকটি দেশ এবছর তালিকায় তার উপরে স্থান করে নিয়েছে। যেমন পাকিস্তান (১৫৩), প্যালেস্টাইন (১৫৬), ভুটান (১৫০) ও সিরিয়া (১৪১)। এবারের তালিকার শীর্ষে রয়েছে নরওয়ে। দুই, তিন ও চার, পাঁচ নম্বরে যথাক্রমে নেদারল্যান্ডস, এস্টোনিয়া, ডেনমার্ক ও সুইডেন। ভারতের ক্ষেত্রে রিপোর্টে বলা হয়েছে, জাতীয় সুরক্ষা সংক্রান্ত আইনের ক্রমবর্ধমান ব্যবহারের ফলে সাংবাদিকদের কাজের পরিবেশ দিনদিন অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। সরাসরি রিপোর্টিংয়ে যুক্ত সাংবাদিকদের সরাসরি নিশানা করা হচ্ছে বা আইনি হেনস্তার মুখে পড়তে হচ্ছে। আর্থিক, আইনি, রাজনৈতিক, সামাজিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতি, এই ৫টি মাপকাঠির ভিত্তিতে প্রেস স্বাধীনতার স্তর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে আরএসএফ।