গয়ায় পিণ্ডদান করে ফেরার পথে অঘটন, সিঙ্গুরে মৃত্যু একই পরিবারের ৪ জনের
প্রতিদিন | ০১ মে ২০২৬
প্রিয়জনের আত্মার শান্তিকামনায় গয়ায় পিণ্ডদান করে ফেরার পথে বিপত্তি। ছোট লরি ও ডাম্পারের ধাক্কায় অঘটন। হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের। দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর জখম হয়েছেন। তাঁরা বর্তমানে ওয়ালশ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডানকুনি এলাকা থেকে একটি পরিবার ও তাঁদের আত্মীয়স্বজন মিলে মোট ১০ জন সদস্য গয়ায় পিন্ডদান করতে গিয়েছিলেন। শুক্রবার ভোরে একটি ছোট লরিতে ফিরছিলেন। সেই সময় পথে নিয়ন্ত্রণ হারায় ছোট লরিটি। সিঙ্গুরের রতনপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে। ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। গুরুতর আহত হন গাড়ির চালক-সহ মোট ১০ জন। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনায় চারজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে ঘটনায় আহত ৬ জনের মধ্যে ৫ জনকে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টার থেকে ওয়ালশ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতের মধ্যে একজন শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। মৃতরা হলেন দম্পতি পরিতোষ কীর্তনীয়া ও কাজল কীর্তনীয়া। তাঁদের দুই মেয়ে বছর তেত্রিশের ফুলী মুখোপাধ্যায় এবং একত্রিশ বছর বয়সি মিঠু বাগের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর জখম হয়েছেন। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।