চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগে ধুন্ধুমার মালদার চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। অভিযোগ, রোগীর মৃত্যুর পর ততাঁর পরিবারের লোকেরা হাসপাতালে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করেছেন। এই ঘটনায় ইতিমধ্যে ৬ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, বুকে ব্যথা ওঠায় বৃহস্পতিবার রাতে ওই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল চাঁচল থানার মহানন্দপুর এলাকার বাসিন্দা অঙ্কন রায় (৩৪)-কে। তার কিছু ক্ষণ পরেই মৃত্যু হয় অঙ্কনের। এই ঘটনার পরেই তাঁর পরিবারের লোকেরা অভিযোগ করতে থাকেন, চিকিৎসায় গাফিলতির কারণেই যুবকের মৃত্যু হয়েছে। একাধিক বার ডাকাডাকি করেও চিকিৎসকের দেখা মেলেনি। এই অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখান পরিবারের লোকেরা। ভাঙচুর লাগানো হয় সেখানে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আটকও করা হয় বেশ কয়েক জনকে। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়েছে। সুপার সুমিত তালুকদার বলেন, ‘রোগীর অবস্থা আগে থেকেই আশঙ্কাজনক ছিল। চিকিৎসা সময় মতো হয়েছে।’