• গণনাকেন্দ্রে কেন্দ্রীয় সরকারের কর্মচারী নিয়োগ, কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তৃণমূল
    এই সময় | ০২ মে ২০২৬
  • বিধানসভা নির্বাচনের প্রত্যেকটি গণনাকেন্দ্রের সব টেবিলে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট। শুক্রবার কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস। আগামিকাল, শনিবারই এই মামলার শুনানির আর্জি জানানো হয়েছে তৃণমূলের আইনজীবীর তরফে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিশেষ বেঞ্চ গঠন করে আগামীকাল অর্থাৎ শনিবার শুনানি হবে।

    প্রত্যেক গণনার টেবিলে এক জন কাউন্টিং সুপারভাইজ়ার বা সহকারী হিসাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যায় তৃণমূল। যদিও হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, কমিশনের সিদ্ধান্ত বেআইনি নয়। গণনাকেন্দ্রে কোনও কারচুপি হলে পরে তা ইলেকশন পিটিশনের মাধ্যমে চ্যালেঞ্জ করা যাবে বলে জানিয়েছিল হাইকোর্ট।

    তৃণমূলের দাবি, কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ভারতীয় জনতা পার্টি অর্থাৎ কেন্দ্রের ক্ষমতাসীন দলের দ্বারা প্রভাবিত হয়ে থাকতে পারেন। সেই আশঙ্কা থেকেই কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে তৃণমূল কংগ্রেস।

    উল্লেখ্য, আগামী ৪ মে, সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। দুই দফায় ভোটগ্রহণের পরে রাজ্যের মোট ২৯৪টি আসনের জন্য ৭৭টি গণনাকেন্দ্রে কাউন্টিং হবে সে দিন। প্রত্যেক রাজনৈতিক দলের কাছে গণনাকেন্দ্রের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)