• সিঙ্গুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত একই পরিবারের চার জন
    আজকাল | ০২ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সিঙ্গুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত চার। আহত আরও অন্তত পাঁচ থেকে ছয় জন। জানা গিয়েছে, গয়ায় পিণ্ডদান করে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা যান একই পরিবারের চার জন। দুর্ঘটনায় আহত গাড়ি চালক–সহ আরও অন্তত পাঁচ থেকে ছ’জন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

    শুক্রবার ভোরে দুর্ঘটনাটি ঘটে হুগলির সিঙ্গুরের রতনপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে ডানকুনিমুখী লেনে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে চারচাকার একটি গাড়ি। গাড়িটিতে চালক–সহ ছিলেন মোট ১০ জন। আরোহীদের ন’জন একই পরিবারের সদস্য।

    পুলিশ সূত্রে খবর, পিণ্ডদান করে গয়া থেকে ফিরছিল ডানকুনি থানার পরিবারটি। দুর্ঘটনায় মারা যান পরিতোষ কীর্তনীয়া (৫৯) এবং কাজল কীর্তনীয়া (৫৫)। সম্পর্কে তাঁরা স্বামী–স্ত্রী। দম্পতির দুই কন্যা ফুলি মুখোপাধ্যায় (৩৩) এবং মিঠু বাগ (৩১)–ও ঘটনাস্থলেই মারা যান।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে সিঙ্গুরের রতনপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি। দুমড়ে মুচড়ে যায় গাড়িটির সামনের অংশ। গুরুতর আহত হয়েছিলেন গাড়ির চালক–সহ ১০ জন। সেখান থেকে তাঁদের উদ্ধার করে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকরা চার জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত ছ’জনের মধ্যে পাঁচ জনকে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টার থেকে ওয়ালস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতের মধ্যে এক শিশুও ছিল। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। 
  • Link to this news (আজকাল)