• ৮ মে মাধ্যমিকের ফল! কোথা থেকে দেখা যাবে?
    আজকাল | ০২ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বিধানসভা ভোটের জন্য এগিয়ে আনা হয়েছিল এ বছরের মাধ্যমিক। সেই নির্বাচনের ফল ঘোষণা আগামী ৪ মে। আর তার পর ৮ মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদ আগেই জানিয়েছিল ফল ঘোষণার দিন। এ বার কোন কোন ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পাবে, তা-ও জানিয়ে দেওয়া হল।

    ২০২৬-এর পরীক্ষা শুরু হয়েছিল গত ১২ ফেব্রুয়ারি। শেষ হয় ১৮ ফেব্রুয়ারি। প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী এ বার মাধ্যমিক দিয়েছে। পরীক্ষা শেষের ৮৬ দিনের মাথায় ঘোষণা করা হবে ফলাফল। ৮ মে সকাল সাড়ে ৯টায় সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করবেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সকাল সাড়ে ১০টায় পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিতরণ করা হবে। কলকাতার ডিরোজিও ভবনের আঞ্চলিক অফিস-সহ রাজ্যের ৪৮টি ক্যাম্প অফিস থেকে বিতরণ করা হবে মার্কশিট। সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের পরীক্ষার্থীদের মার্কশিট সংগ্রহ করতে হবে নির্ধারিত ক্যাম্প অফিস থেকেই।

    পরীক্ষার্থীরা সকাল ১০টা ১৫ মিনিট থেকে অনলাইনে নিজেদের ফল দেখতে পাবে। যে সমস্ত ওয়েবসাইটে ফল দেখা যাবে, সেগুলি হল— www.wbbsedata.com এবং www.wbbse.wb.gov.in-এ। এ ছাড়া, Madhyamik Results, iResults ebong এবং Edutips App-এর মতো অ্যাপ্লিকেশন গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করেও ফল দেখা যাবে।

    ভোটের কারণে এ বছর এসআইআর-সহ অন্যান্য নির্বাচনী কাজে যুক্ত ছিলেন একাধিক শিক্ষক। তাই নির্ধারিত সময়ের মধ্যে ফল ঘোষণা করা যাবে কিনা, তা নিয়ে সন্দেহ ছিল। তবে দ্রুত খাতা জমা পড়ায় সেই আশঙ্কা দূর হয়।
  • Link to this news (আজকাল)