• জম্মুতে ভেঙে পড়ল নির্মীয়মান ব্রিজ! ৫ জনের মৃত্যুর আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে আটকে বহু শ্রমিক
    প্রতিদিন | ০২ মে ২০২৬
  • জম্মু ও কাশ্মীরে মর্মান্তিক দুর্ঘটনা। নির্মীয়মাণ ব্রিজ ভেঙে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়লেন বহু শ্রমিক। শুক্রবার এই দুর্ঘটনা ঘটেছে জম্মুর বানতালাব এলাকায়। আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকাজ। ঘটনার জেরে ৪ থেকে ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো শুক্রবারও ব্রিজ নির্মাণের কাজ চলছিল। তখনই কোনওভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজটি। যারা কাজ করছিলেন তাদের অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। অনুমান করা হচ্ছে, ৫ থেকে ৭ জন নিচে আটকে রয়েছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিচে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ শুরু করেছে। একাধিক বুলডোজারের সাহায্যে চলছে ধ্বংসস্তূপ সরানোর প্রক্রিয়া। উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনীও।

    স্থানীয় বিজেপি বিধায়ক শ্যামলাল শর্মা বলেন, ওখানে একটি পুরনো ব্রিজ রয়েছে। যার ভিত দুর্বল হয়ে পড়েছিল। যার জেরেই ব্রিজটি সারাইয়ের কাজ চলছিল। অনুমান করা হচ্ছে, ব্রিজটির ভিত খোঁড়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি বিধায়কের আরও দাবি, উপর থেকে গাড়ি যাতায়াতের সময় কম্পনের জেরে এই দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে একাধিক শ্রমিক আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)